বৈরুতে হোটেলে ইসরায়েলি হামলা, নিহত ৪

| সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:৩৭ পূর্বাহ্ণ

লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। হোটেলটিতে ইরানি কমান্ডাররা অবস্থান করছিল বলে দাবি ইসরায়েলের। খবর বিডিনিউজের।

রোববার স্থানীয় সময় ভোররাতে বৈরুতের কেন্দ্রস্থলে রামাদা হোটেলের একটি অ্যাপার্টমেন্টে হামলাটি চালানো হয়। রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে বৈরুতের কেন্দ্রস্থলে এটি ইসরায়েলি বাহিনীর প্রথম হামলা। এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের আবাসিক ও বাণিজ্যিক এলাকা রওশে হামলাটি চালানো হয়েছে। এতে চারজন নিহত ও আরও ১০ জন আহত হয়েছে।

ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের কয়েকজন শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে।

কিন্তু এসব কর্মকর্তার নাম বলেনি তারা। বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, কুদস ফোর্সের লেবানন কোরের কমান্ডাররা ইসরায়েল ও এর বেসামরিকদের বিরুদ্ধে ইরানের আইআরজিসির জন্য একযোগে সন্ত্রাসী হামলা তরান্বিত করার কাজ করছিল। রয়টার্স জানিয়েছে, যুদ্ধের জন্য লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতের দক্ষিণের শহরতলী থেকে পালিয়ে আসা লোকজনকে এই হোটেলটিতে আশ্রয় দেওয়া হয়েছিল। আবার বিমান হামলার শিকার হতে পারে এমন আতঙ্কে তাদের অনেককে হোটেলটি ছেড়ে যেতে দেখা গেছে। গত সপ্তাহে ইসরায়েল দাবি করেছিল, তারা তেহরানে হামলা চালিয়ে লেবাননে ইরানের কুদস ফোর্সের প্রধান দাউদ আলি জাদেহকে হত্যা করেছে।

গত সোমবার লেবাননের ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালানোর পর লেবানন ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েলের বিস্তৃত হতে থাকা যুদ্ধের অংশ হয়ে পড়ে। হিজবুল্লাহর আক্রমণের পর থেকে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে এবং বৈরুতের কাছে ব্যাপক হামলা চালানো শুরু করে।

পূর্ববর্তী নিবন্ধসিএসই’তে লেনদেন ১৬.৩৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইইউর বিরুদ্ধে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের মামলা