বাঁশখালীর খানখানাবাদ ও সাধনপুর ইউনিয়নে চলমান উপকূলীয় বেড়িবাঁধের কাজ পরিদর্শন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি এই উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম কাজের গুণগত মান ঠিক রাখার নির্দেশনা দিয়ে বলেন, বেড়িবাঁধে বারবার বরাদ্দ দেয়া হলেও কাজের মান ঠিক না থাকায় বেড়িবাঁধ টেকসই হয়নি। যার ফলে উপকূলীয় এলাকার মানুষ বারবার জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে কাজের মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। নয়তো বর্ষা মৌসুমে মানুষ আবারও জোয়ারের পানিতে তলিয়ে যাবার আশঙ্কা রয়েছে। উপকূলবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। সুতরাং বেড়িবাঁধ প্রকল্প নিয়ে কাউকেই নয়ছয় করার সুযোগ দেয়া হবে না। এসময় স্থানীয়রা বেড়িবাঁধের খানখানাবাদের প্রেমাশিয়া পয়েন্টে জেগে ওঠা চর অপসারণ করলে বেড়িবাঁধে ভাঙন থেকে রক্ষা পাওয়ার কথা জানালে এমপি তা আমলে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানান।











