রমজানের আবহে নগরীতে ইফতার আয়োজনের প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে চার তারকা মানের হোটেল বেস্ট ওয়েস্টার্ন এসকেএস (সেনা কল্যাণ সংস্থা)। ইফতার বাজার থেকে শুরু করে ব্যুফে ইফতার ও নৈশভোজ, ছাদবাগানে বিশেষ মজলিস এবং কক্ষ–সহ প্যাকেজ সব মিলিয়ে পুরো রমজানজুড়ে অতিথিদের জন্য সাজানো হয়েছে বিস্তৃত ও বৈচিত্র্যময় আয়োজন। পরিবার, বন্ধু কিংবা প্রাতিষ্ঠানিক সমাবেশ সব ধরনের আয়োজনে এক ছাদের নিচে মিলছে স্বাদ, পরিবেশ ও মানসম্মত সেবার সমন্বয়।
হোটেলের নিচতলায় অবস্থিত ক্যাফে চুমুকে প্রতিদিন বসছে ইফতার বাজার। এখানে রোজাদারদের জন্য রাখা হয়েছে ঐতিহ্যবাহী ও সমসাময়িক নানা পদ। দ্বিতীয় তলায় পতেঙ্গা রেস্টুরেন্টে থাকছে ব্যুফে ইফতার ও পরবর্তী নৈশভোজ, যেখানে ৫০টিরও বেশি পদ পরিবেশন করা হচ্ছে। জনপ্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৯৯ টাকা।
মেন্যুতে রয়েছে শাহী হালিম, শাহী জিলাপি, গরুর মেজবানি, খাসির তেহারিসহ দেশীয় স্বাদের জনপ্রিয় পদ। পাশাপাশি রাখা হয়েছে পাশ্চাত্য ধাঁচের বিভিন্ন খাবারও। প্রতিদিনের পরিবেশনায় থাকছে বৈচিত্র্য, যাতে অতিথিরা একই ধরনের স্বাদের বাইরে গিয়ে নতুন কিছু উপভোগ করতে পারেন। সেহরিতেও রয়েছে রকমারি পদে বিশেষ আয়োজন।
সাধারণ অতিথিদের জন্য সর্বনিম্ন ৫৪৯ টাকা থেকে শুরু হয়েছে নির্ধারিত মেন্যু। পারিবারিক ও প্রাতিষ্ঠানিক আয়োজনের জন্য সাম্পান, ঝিনুক, কর্ণফুলী ও নোঙ্গর হল আলাদাভাবে সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত মেন্যুর সঙ্গে থাকছে বিশেষ মূল্যছাড়।
হোটেলের অন্যতম আকর্ষণ অষ্টাদশ তলায় অবস্থিত ঘুড্ডি রেস্টুরেন্টের ছাদবাগান মজলিস। খোলা আকাশের নিচে নগরীর দৃশ্য উপভোগ করতে করতে ইফতার করার অভিজ্ঞতা অনেকের কাছেই বাড়তি প্রশান্তি এনে দেয়। হোটেলের ব্যবস্থাপক (এইচআর এন্ড এডমিন) মাহমুদ মাসুম বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে খাবার ও সেবার গুণগত মান নিশ্চিত করা হচ্ছে। তার ভাষ্য, “স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন খাবার পরিবেশন আমাদের অগ্রাধিকার। ছাদবাগানে ইফতার করলে অতিথিরা মনোরম পরিবেশে আলাদা এক অনুভূতি পাবেন। ব্যুফেতে ঐতিহ্যবাহী ও বিদেশি নানা পদ রাখা হয়েছে।” তিনি আরও জানান, রুমসহ বিশেষ প্যাকেজেও ইফতার ও সেহরির ব্যবস্থা রয়েছে। এ প্যাকেজে ইফতার ও সেহরিসহ সিঙ্গেল রুমের মূল্য ৫ হাজার ৮৫০ টাকা এবং ডাবল রুমের মূল্য ৭ হাজার ৫০০ টাকা। পুরো রমজানজুড়ে এই সুবিধা চালু থাকবে।
রমজানে ইফতার ও সেহরিকে আরও স্মরণীয় করে তুলতে অভিজাত পরিবেশ, বৈচিত্র্যময় মেন্যু ও সমন্বিত প্যাকেজ নিয়ে প্রস্তুত বেস্ট ওয়েস্টার্ন এসকেএস চট্টগ্রাম। সংরক্ষণের জন্য হোটেলের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করা যাচ্ছে।












