বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান : ৮০ হাজার আবেদন, পরীক্ষা১৭-১৮ এপ্রিল

| শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:২৭ পূর্বাহ্ণ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের সাড়ে ১৩ হাজার পদে নিয়োগ পেতে আবেদন করেছেন ৮০ হাজারের বেশি শিক্ষক। আগামী ১৭ ও ১৮ এপ্রিল এ নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম জানিয়েছেন। গতকাল শুক্রবার রাতে তিনি বলেন, শিগগির এ বিষয়ে অফিস আদেশ জারি করা হবে। এবারই প্রথম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষএনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের প্রক্রিয়া চলছে। খবর বিডিনিউজের।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের শূন্য পদে নিয়োগের পরীক্ষা দিতে গত ২৯ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ। ৩ ফেব্রুয়ারি থেকে এ নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়ে চলে গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এনটিআরসিএর তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি আবেদন পড়েছে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে। নৈর্ব্যক্তিক প্রশ্নে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা, ১২ নম্বরের মৌখিক পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার সনদের ওপর ৮ নম্বরএই মোট ১০০ নম্বরের পূর্ণাঙ্গ পরীক্ষা নিয়ে প্রার্থী নির্বাচন করা হবে। এনটিআরসিএ জানিয়েছে, এসব পদের নিয়োগে এমসিকিউ পদ্ধতিতে ৮০ নম্বরের এই লিখিত পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা।

মোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে এবং ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য বরাদ্দ ১২ নম্বর। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ৮ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষায় পাসের জন্য প্রতিটি অংশে আলাদাভাবে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। আবেদনকারীদের যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য সর্বশেষ জারি করা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত ২৭ জানুয়ারি জারি করা এক পরিপত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট নিয়োগের ক্ষমতা এনটিআরসিএকে দেয়। ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার আয়োজন ও ২০১৬ সাল থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষকপ্রভাষক নিয়োগের প্রার্থী নির্বাচন ও নিয়োগ সুপারিশ করে আসছে এনটিআরসিএ।

পূর্ববর্তী নিবন্ধক্রেতার অপেক্ষায় ব্যবসায়ীরা
পরবর্তী নিবন্ধআবুল খায়ের স্টিল মিলে হামলা ও ভাঙচুরের অভিযোগ, আহত ৫