বেলুচিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩

হামলাকারীদের খুঁজছে পাকিস্তান

| সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৫৬ পূর্বাহ্ণ

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সিরিজ বোমা ও বন্দুক হামলায় বেসামরিক নাগরিক, নিরাপত্তাকর্মী এবং হামলাকারী মিলিয়ে গত দুইদিনে ১৯৩ জন নিহত হয়েছে। আঞ্চলিক মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি একথা জানিয়েছেন। তিনি জানান, হামলায় বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা ৩১, নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে ১৭ জন এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১৪৫ জন হামলাকারী। বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) বিদ্রোহী গোষ্ঠী এর আগে জানিয়েছিল এই হামলার পেছনে আছে তারাই। কয়েক ডজন সেনা নিহত হয়েছে বলে তিনি দাবি করেন। খবর বিডিনিউজের।

এই হামলার ঘটনাটি বেলুচিস্তানে সবচেয়ে প্রাণঘাতী হামলার অন্যতম। পাকিস্তান সরকার বেলুচিস্তানে কয়েক দশক ধরে জাতিগত বিদ্রোহী তৎপরতা রুখতে লড়ে আসছে। পাকিস্তান বিএলএকে সমর্থন দেওয়ার অভিযোগ করেছে ভারতের বিরুদ্ধে। তবে ভারত এমন অভিযোগ বারবারই অস্বীকার করে আসছে।

সেনাবাহিনী জানিয়েছে, প্রাদেশিক রাজধানী কোয়েটা ও অন্যান্য স্থানের আশেপাশের এলাকায় কয়েক দফা হামলায় বেসামরিক নাগরিকদেরকেই নিশানা করা হয়েছিল। ১২টি শহরে এবং প্রদেশজুড়ে বিভিন্ন শহরে গ্রেনেড ও বন্দুক হামলার নিশানা ছিল পুলিশ ও আধাসামরিক স্থাপনাসহ কারাগার এবং সরকারি বিভিন্ন ভবন।

হামলাকারীদের খুঁজছে পাকিস্তান : এদিকে অস্থির বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক সমন্বিত বিচ্ছিন্নতাবাদী হামলার ঘটনায় গতকাল হামলাকারীদের সন্ধানে অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সরকার জানিয়েছে, কঠোর প্রতিশোধ নেওয়া হবে।

কোয়েটা থেকে এএফপি জানায়, হামলার স্থানগুলোর মধ্যে প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ প্রায় এক ডজন এলাকা এখনো ঘিরে রাখা হয়েছে এবং সেনারা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রদেশজুড়ে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। একই সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে এবং ট্রেন চলাচল স্থগিত রয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, শনিবারের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তারা ‘পরিশোধন অভিযান’ চালাচ্ছে। এই ঘৃণ্য ও কাপুরুষোচিত কর্মকাণ্ডের উসকানিদাতা, হামলাকারী, সহায়তাকারী ও মদদদাতাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের অচলাবস্থা কাটেনি আজও ৮ ঘণ্টার কর্মবিরতি
পরবর্তী নিবন্ধরাস্তার পাশে পড়ে ছিল চালকের লাশ, বাইক উধাও