আনোয়ারায় বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফলের দোকানে ঢুকে পড়ে। এ সময় অল্পের জন্য ফল বিক্রেতাসহ স্থানীয় ৩ জন প্রাণে রক্ষা পায়। তবে তিনটি দোকান ও একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। ৬ জন বাসযাত্রী আহত হয় বলে জানা যায়।
গতকাল রবিবার বিকেল ৪টায় পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালী থেকে ছেড়ে আসা ‘বাঁশখালী সুপার সার্ভিস’র বেপরোয়া গতির যাত্রীবাহী বাসটি বরুমচড়া রাস্তার মাথায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি সজোরে রাস্তার পাশে থাকা একটি ফলের দোকানের ওপর উঠে যায়।এতে দোকানটি দুমড়ে মুচড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। দুর্ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা বাসটির নিচে চাপা পড়ে। বাসের ভারে অটোরিকশাটি সম্পূর্ণভাবে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। একই সাথে একটি চায়ের দোকান ও একটি মাংসের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্তরা হলেন মো. কাউসার, নুরুল আজিম, তৌহিদুল ইসলাম ও মো. মফিজ। ঘটনার সময় দোকানদাররা বাইরে থাকায় তারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
ক্ষতিগ্রস্ত ফলের দোকানদার মো. কাউসার বলেন, ঘটনার সময় আমি দোকানের মুখে দরজায় ছিলাম। হঠাৎ বেপরোয়া গতির বাস দোকানে ঢুকে পড়ে। অটোরিকশা চালক মফিজ বলেন, বেপরোয়া গতির বাসটি মুহুর্তে তার গাড়িটি চাপা দেয়। এ সময় ১ ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফলের দোকানে ঢুকে পড়ে। এতে একটা অটোরিকশাসহ কয়েকটা দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন বাসযাত্রী আহত হয়।











