বাঁশখালীর উপকূলীয় খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল পয়েন্টে বেড়িবাঁধে ফাটল ধরা অংশে সংস্কার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধিরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে বার্জ দিয়ে সাগর থেকে বালু এনে তা জিও ব্যাগে প্যাকিং করে ভাঙন এলাকায় দেওয়ার কাজ শুরু করেছে।
জানা যায়, বাঁশখালীর উপকূলীয় খানখানাবাদের কদমরসুল পয়েন্টের প্রায় ৭০০ মিটার এলাকা বেড়িবাঁধে ফাটল দেখা দিলে তা নিয়ে স্থানীয় জনগণ প্রশাসনকে অবহিত করলে গত বুধবার বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার সহ পাউবো কর্মকর্তারা এ স্থান পরিদর্শন করেন এবং দ্রুত এটা সংস্কারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারই প্রেক্ষিতে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বেড়িবাঁধের ফাটল ধরা অংশের দ্রুত সংস্কারের নির্দেশ দেয় বলে জানান খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার। তিনি
আরো বলেন, ভাঙন অংশের সংস্কার কাজ শুরু হয়েছে। কয়দিনের মধ্যে শেষ হবে।
গতকাল সংস্কার কাজ চলাকালীন পানি উন্নয়ন বোর্ডের এসডি সাগর দে, এসও গোলাম কাদির, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।












