বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কারণেই আজও বেঁচে আছি

রাঙ্গুনিয়ায় নির্বাচনী মহাসমাবেশে হুমাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম(রাঙ্গুনিয়া) আসনের বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কারণেই আমি আজ বেঁচে আছি। বেগম জিয়া আজ আমাদের মাঝে নেই। কিন্তু তাকে আজো মানুষ স্মরণ করে তাঁর জন্য দোয়া করে। কারণ তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও দেশ ছেড়ে যাননি।

গতকাল সোমবার বিকালে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনি মহাসমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী এসব কথা বলেন। রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সালাহউদ্দিন কাদের চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে ফয়জুল কাদের চৌধুরী। হুমাম কাদের চৌধুরী বলেন, আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা বিলে, ধান ক্ষেতে রাত কাটিয়েছেন। অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আমি নিজেও গুমের শিকার হয়ে সাত মাস আয়নাঘরে ছিলাম। সেদিন শেষ হয়েছে। নতুন বাংলাদেশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। ১২ তারিখ ভোট দিয়েই আমাদের কাজ শেষ হবে না, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

এদিকে রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসমাবেশে দলীয় নেতাকর্মীদের ঢল নামে। বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা জনসভায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। দুপুরের পর থেকে পৃথক মিছিল সহকারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মহাসমাবেশে যোগ দেন। নির্ধারিত সময়ের অনেক আগেই পুরো অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মহাসমাবেশে তৃণমূল নেতৃবৃন্দের বক্তব্যের একপর্যায়ে সভাস্থলে যোগ দেন রাঙ্গুনিয়া আসনের বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িবাসী দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে প্রস্তুত
পরবর্তী নিবন্ধজামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও শিক্ষক সংবর্ধনা