বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ আর নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

সিরিজ জয়ের আশা ছিল গতকাল বুধবার বাংলাদেশের। প্রথম টিটোয়েন্টিতে সফরকারী নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছিল। দ্বিতীয় টিটোয়েন্টিতেও জয় তুলে নিয়ে চট্টগ্রামে সিরিজ জয়ের উৎসব করবে টাইগাররা এমন ভাবা হলেও প্রকৃতি তা ভাবেনি। বৃষ্টিতে গতকাল পরিত্যক্ত হয়েছে বাংলাদেশনিউজিল্যান্ড টিটোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। চট্টগ্রামের আকাশ গোমড়া ছিল সকাল থেকেই। ১১টার পরপর শুরু হলো বৃষ্টি। সেই যে শুরু হলো, আর থামলো না। দুই দল অবশ্য মাঠে এসেছিল সময়মতোই। কিন্তু ড্রেসিং রুমের বাইরে বের হওয়ার সুযোগ হয়নি তাদের। ন্যূনতম ৫ ওভারের ম্যাচ শুরুর নির্ধারিত শেষ সময় ছিল বিকেল ৫টা ১৬। কিন্তু কোথায় কি। বৃষ্টিতো ঝড়তেই আছে। বৃষ্টির এ অবস্থা দেখে এক ঘন্টা আগেই খেলা শেষের ঘোষণা চলে আসে। এর আগে ম্যাচ শুরুর সময় নির্ধারিত সময় যখন, তৃমুল বৃষ্টি সাগরিকায় তার মাঝেও মাঠে দেখা গেছে কিছু উৎসাহী দর্শককে। গ্যালারির নানা প্রান্তেই তারা ছিল ছড়িয়ে ছিটিয়ে। কারও মাথায় ছাতা, কেউ বৃষ্টিতে ভিজেই অপেক্ষায়, কখন শুরু হবে খেলা। তবে প্রকৃতি তাদের হতাশায় ডুবিয়েছে। প্রকৃতির যে অবস্থা ছিল তাতে খেলা শুরুর বাস্তব কোন সম্ভাবনাই ছিল না। বৃষ্টি বন্ধ হবে,রোদ উঠবে তেমন অভাবনীয় কিছইু শেষ পর্যন্ত হয়নি। ওই দর্শকদের ফিরে যেতে হয়েছে হতাশ মনেই। এই ম্যাচের টিকিট কেটে মাঠে প্রবেশ করা দর্শকেরা বিসিবির নীতি অনুযায়ী টাকা ফেরত পাবেন। এখন সিরিজের ফয়সালা হবে এখন ঢাকার মিরপুরে শেষ টিটোয়েন্টিতে। শেরবাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচ আগামী শনিবার। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধএগিয়ে থেকেও শিরোপা হাতছাড়া বাংলাদেশের
পরবর্তী নিবন্ধপ্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’