বিসিবিতে অনিয়মের অভিযোগ তদন্তের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

| সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১১:৩২ পূর্বাহ্ণ

বিসিবিতে গত ১৬ বছরে নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, ২০০৮ সালের পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেওয়া নিয়োগগুলো খতিয়ে দেখতে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।রোববার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মোশাররফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। আমিনুল হক বলেন, ‘২০০৮ সাল থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগের যে অভিযোগ রয়েছে, তা যাচাই করতে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’ তিনি অভিযোগ করেন, দলীয় বিবেচনায় অনেককে নিয়োগ দেওয়া হয়েছিল। তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের চিহ্নিত করে জনসমক্ষে তুলে ধরা হবে বলেও জানান তিনি। আমিনুল হক বলেন, ‘আপনারা জেনে অবাক হবেন, অতীতে বিসিবির আর্থিক ও মানবসম্পদ ব্যবহার করে একটি গোষ্ঠীকে জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার কাজে সহায়তা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।’তিনি আরও বলেন, তদন্তে দোষী প্রমাণিত কর্মকর্তাকর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ারের দায়িত্বে জেসি
পরবর্তী নিবন্ধভিংরোল তরুণ সংঘের অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন