বিসিবিকে জানিয়েই এবার অস্ট্রেলিয়া গেছেন বুলবুল

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

এর আগেও এমন খবর ছড়িয়ে পড়েছিল, অস্ট্রেলিয়ায় চলে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনেকেই ধারণা করছিলেন, পদ ছেড়ে দেবেন তিনি। কিন্তু ওই খবর প্রকাশের পরের দিন দেখা যায়, বিসিবি ভবনে হাজির বুলবুল। প্রমাণ হয়ে যায়, পুরোটাই ছিল গুজব। এবার আরও একবার তেমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার অবশ্য বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়ার খবরটি গুজব নয়। তবে বিসিবি সভাপতি বোর্ডকে জানিয়েই ছুটিতে গেছেন। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল সোমবার বেলা তিনটার দিকে নিশ্চিত করেছেন খবর। নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘হ্যাঁ, বিসিবি সভাপতি অস্ট্রেলিয়া গেছেন। বিসিবিকে জানিয়েই গেছেন তিনি।’ বিকেলে বিসিবি সভাপতি বলেন, স্রেফ পরিবারের সঙ্গে সময় কাটাতে কিছু দিনের জন্য যাচ্ছেন তিনি। ‘রোজা শুরু হচ্ছে, পরিবারকে দেখি না আড়াই মাস ধরে। দুটো ছেলে আছে আমার, স্ত্রী আছে। একটু বাসায় যাচ্ছি। আমি তো প্রেসিডেন্ট, আমার তো ছুটি নেওয়ার কিছু নেই। আমি সবসময় অনলাইনে থাকি, কাজ করি। এই ব্যাপারটাকে কেন অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছে মানুষ, জানি না। যাহোক, আমি আমার বাড়িতে যাচ্ছি কয়েক দিনের জন্য। পরিবারের সঙ্গে থেকে আবার চলে আসব।’ আমিনুলও জোর দিয়েই জানান, মেয়াদের পুরোটাই থাকবেন তিনি। ‘যেদিকে টার্ন করানোর চেষ্টা করছে মানুষ, এগুলো কিছুই না, জিরো পারসেন্টও নয়। কেন ফিরব না? আমি তো চার বছরের জন্য নির্বাচিত সভাপতি। ইনশাল্লাহ টার্ম পূরণ করব। স্রেফ কয়েকদিনের জন্য যাচ্ছি। আর প্রেসিডেন্টকে ছুটি নিতে হয় নাকি কখনও? আমি অনলাইনে আছি, বোর্ড পরিচালকদের সঙ্গে ভালো যোগাযোগ আছে। মাত্র কয়েক দিনের জন্য যাচ্ছি।’সোমবার সকালে বিসিবি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে সভাপতি জানান, জরুরি পারিবারিক প্রয়োজনে তিনি মেলবোর্নে যাচ্ছেন এবং ফিরে আসবেন শিগগিরই।

পূর্ববর্তী নিবন্ধসিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শীঘ্রই শুরু
পরবর্তী নিবন্ধপ্রফেসর শায়েস্তা খান স্মৃতি ক্রিকেটে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন