দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানিসহ সব ধরনের অনিয়ম বন্ধে জোরালো পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. প্রফেসর মুহাম্মদ আলমগীর। গতকাল ইউজিসিতে অনুষ্ঠিত ‘ভেহিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার’ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
প্রফেসর আলমগীর বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার কেন্দ্রবিন্দু হওয়ার কথা। একইসাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সকল শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলতে হবে।
কিন্তু, দুঃখজনক হলেও সত্য সেখানে যৌন হয়রানিসহ বিভিন্ন ধরনের নিপীড়নমূলক ঘটনা ঘটছে। এসময় তিনি সংবেদনশীল তথ্য–প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে উচ্চশিক্ষা সেবা সহজিকরণের আহ্বান জানআনক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। এছাড়া, তিনি বিশ্ববিদ্যালয়ে পেপারলেস অফিস বাস্তবায়নেরও আহ্বান জানান। খবর বাসসের।
ইউজিসি’র জেনারেল সার্ভিসেস, এস্টেট এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (জেএসইই) পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অটোমেশন এখন বাস্তবতা। এর ফলে সেবা সহজ হবে, নাগরিকের ভোগান্তি কমে আসবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।










