বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তানি ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা

| মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৬:৫১ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জন্য ক্রিকেটারদের অভূতপূর্ব শাস্তি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপ দলের প্রত্যেক সদস্যকে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। ভারত ও শ্রীলঙ্কায় চলমান বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নেয় পাকিস্তান। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার টানা চারটি আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনালে যেতে ব্যর্থ হলো তারা। এই জরিমানা শৃঙ্খলাজনিত কারণে নয়, বরং বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জন্যই। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নাস্তানাবুদ হওয়ার পরপরই ক্রিকেটারদের এই জরিমানা করা হয়। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ওই ম্যাচে ৬১ রানে হারে সালমান আলি আগার দল। তাদের এটাও বলা হয়েছিল যে, পাকিস্তান যদি টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠে, তাহলে জরিমানা মওকুফ করা হতে পারে। বাঁচামরার লড়াইয়ে নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে ওঠে পাকিস্তান। এই ধাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর ইংল্যান্ডের কাছে হেরে যায় তারা। শেষ ম্যাচে গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিতে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল তাদের। সেদিন ২১২ রানের পুঁজি গড়া পাকিস্তানের শেষ চারে যেতে শ্রীলঙ্কাকে আটকে রাখতে হতো ১৪৭ রানের মধ্যে। সেটা তারা না পারায় সেমিফাইনালে উঠে যায় নিউ জিল্যান্ড। শেষ পর্যন্ত ম্যাচটি কোনোমতে জিততে পারে পাকিস্তান। পিসিবি আগেও খেলোয়াড়দের নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। তবে শাস্তি দেওয়া হয়েছে সাধারণ শৃঙ্খলাজনিত কারণে। ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, পুরো বিশ্বকাপে দলের মধ্যে কোনো শৃঙ্খলাজনিত সমস্যা ছিল না। তাদের মাঠের পারফরম্যান্সের জন্যই মূলত জরিমানা করা হয়েছে, যা বিরল ও অভূতপূর্ব। সব ক্রিকেটারকে জরিমানা করা হলেও, কিছু ক্রিকেটারের জন্য ব্যক্তিগতভাবে বিশ্বকাপ দারুণ কেটেছে, যেমন সাহিবজাদা ফারহান। ছয় ইনিংসে ৩৮৩ রান করে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ওপেনার।

পূর্ববর্তী নিবন্ধবিসিএলের ফাইনালে আজ মুখোমুখি নর্থ ও সেন্ট্রাল জোন
পরবর্তী নিবন্ধফুটবল বিশ্বকাপে ইরানের খেলা অনিশ্চিত