বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা ওজিলের গাড়িবহর দুর্ঘটনার কবলে

সঙ্গী ছিলেন তুরস্কের প্রেসিডেন্টের ছেলে, রোহিঙ্গা কিশোরদের সাথে করলেন ইফতার

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:১৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন জার্মানির বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল। পরিদর্শনে তার মূল কর্মসূচি হিসেবে রোহিঙ্গা কিশোরদের সঙ্গে ফুটবল খেলেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুতুপালং ৪ নম্বর বর্ধিত ক্যাম্পের একটি মাঠে এই ফুটবল খেলা হয়। সন্ধ্যায় তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে ইফতার করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। অন্যদিকে সন্ধ্যার দিকে রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওজিলকে বহনকারী গাড়ি। তবে তাঁর কোনো ক্ষতি হয়নি।

এর আগে বেলা ১১টায় ওজিল কক্সবাজারে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। এরপর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় থেকে গাড়িবহর নিয়ে তারা প্রথমে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে ক্যাম্পের স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ওজিল। বিশ্বকাপজয়ী এই তারকার উপস্থিতিতে ক্যাম্পজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। রোহিঙ্গা শিশুকিশোররা ‘ওজিল ওজিল’ ধ্বনিতে স্লোগান দিতে থাকে। ওজিল ও বিলাল শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আয়োজিত সেমিনারে যোগ দেন।

এই সফর প্রসঙ্গে এরদোয়ান পুত্র বিলাল জানান, আট বছর আগে তিনি তার মায়ের সঙ্গে এই ক্যাম্পে এসেছিলেন। তখন থেকে তিনি রোহিঙ্গাদের দুর্দশার কথা জানেন। তিনি বলেন, রোহিঙ্গাদের সমস্যার স্থায়ী সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা তাদের পাশে আছি। আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর প্রতি আহ্বান, রোহিঙ্গাদের মানুষ হিসেবে মর্যাদার সঙ্গে বাঁচার সুযোগ নিশ্চিত করতে হবে এবং তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বিলাল এরদোয়ান বলেন, বাংলাদেশ সরকার মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, সে জন্য ধন্যবাদ। একই সঙ্গে মেসুত ওজিলকেও ধন্যবাদ, তিনি নিজে এসে শিশুদের সমস্যাগুলো দেখেছেন এবং সমাধানে কাজ করবেন বলে জানিয়েছেন।

সেমিনার শেষে শফিউল্লাহ কাটা ১৬ নম্বর ক্যাম্পের কম্পিউটার ল্যাব ও কালচারাল সেন্টার পরিদর্শন করেন ওজিল। রোহিঙ্গা শিশুশিল্পীরা তাকে গান গেয়ে শোনায়। পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। পরে কুতুপালং ৪ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের একটি ফুটবল মাঠে কিশোরদের অংশগ্রহণে আয়োজিত প্রীতি ম্যাচ উপভোগ করেন ওজিল। একপর্যায়ে তিনি খেলায় অংশ নেন। ১০ মিনিট খেলেন। বিশ্বকাপজয়ী এই তারকার সঙ্গে খেলতে পেরে উচ্ছ্বসিত হয়ে ওঠে কিশোররা। তাদের চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক।

মেসুত ওজিল বলেন, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজ এখানে দুই দলই খুব ভালো খেলেছে। আমি নিজেও তাদের সঙ্গে খেলেছি। বাংলাদেশের এই জায়গায় এসে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে পেরে আমি খুব খুশি। সবার সফলতা কামনা করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন তিনি। পরে সন্ধ্যায় ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নেন ওজিল।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, তুরস্কের একটি বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, রমজানের প্রথম রোজার ইফতার তারা পরিবারের সদস্যদের সঙ্গে করেন। সেই মানবিক ও পারিবারিক মূল্যবোধ থেকেই তুর্কিরা রোহিঙ্গাদের নিজেদের পরিবারের অংশ হিসেবে বিবেচনা করে রোহিঙ্গা ক্যাম্পে এসে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে একসঙ্গে ইফতার করেছেন। এদিকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সন্ধ্যার দিকে কক্সবাজারের দিকে রওয়ানা হয় ওজিলের গাড়িবহর। পথিমধ্যে মধ্যে তাদের গাড়িবহরটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। তবে তাদের বহনকারি গাড়ি অক্ষত রয়েছে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজারটেকনাফ সড়ক) উখিয়া উপজেলার কুতুপালং এলাকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রটোকলে থাকা পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ব্যাটারিচালিত ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং দুর্ঘটনা কবলিত গাড়িটির চালক আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহপরী দ্বীপ হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ঘটনাটি নাশকতার চেষ্টা নাকি নিছক দুর্ঘটনা তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরমজানে পানি সরবরাহের অভিযোগ গ্রহণে ওয়াসার কন্ট্রোল রুম স্থাপন
পরবর্তী নিবন্ধচবিতে শিক্ষক নিয়োগের ৪ নির্বাচনী বোর্ড সভা স্থগিত