বিশ্বকাপে ইরানের বেইস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরে মেক্সিকোয়

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৫ মে, ২০২৬ at ৯:৩৭ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ফুটবলে ইরানের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে মেক্সিকোয়। ফিফার অনুমোদনে এই স্থানান্তর হয়েছে বলে শনিবার জানিয়েছেন ইরানের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি মেহদি তাজ। ফিফার পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে এটি এখনও নিশ্চিত করা হয়নি। তবে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বিবৃতিতে জানিয়েছেন, অনুমতি তারা পেয়ে গেছেন। ‘বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের বেইস ক্যাম্প অবশ্যই ফিফা অনুমোদিত হতে হয়। সৌভাগ্যবশত, আমাদের আবেদন জমা দেওয়ার পর এবং ইস্তানবুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের বৈঠকের পর, সেই সঙ্গে গতকাল তেহরানে সম্মানিত ফিফা মহাসচিবের সাথে আমাদের ওয়েবিনার বৈঠকের পর, আমাদের দলের ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তরের আমাদের অনুরোধটি অনুমোদিত হয়েছে।’ বিশ্বকাপে ম্যাচের আগে ও পরে অনুশীলনের জন্য ব্যবহৃত হয় বেইস ক্যাম্প। এবারের আসরে ইরানি দলের বেইস ক্যাম্প হওয়ার কথা ছিল অ্যারিজোনার টুসনে কিনো স্পোর্টস কমপ্লেক্সে। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং সংশ্লিষ্ট নিরাপত্তা উদ্বেগ ইরানের বিশ্বকাপ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছিল। ইরানের ফেডারেশনের টেলিগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে নিজেদের নতুন বেইস ক্যাম্পের কথাও জানান মেহদি তাজ। প্রশান্ত মহাসাগরের কাছে এবং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত টিহুয়ানা ক্যাম্প হবে ইরানের ঘাঁটি। তিনি আরও উল্লেখ করেন যে, এই পদক্ষেপটি মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য ভিসা সমস্যার সমাধানও করতে পারে। এই মাসের শুরুতে ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন যে, তাদের ফুটবলার ও স্টাফরা এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে। ‘জি’ গ্রুপে ইরান তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে; ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে। পরের ম্যাচটি সিয়াটলে ২৬ জুন মিশরের বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধনাহিদের সামর্থ্য নিয়ে বেশি নাড়াচাড়া না করার পরামর্শ ডোনাল্ডের
পরবর্তী নিবন্ধবাংলাদেশের অধিনায়কত্বে পরিবর্তন