আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন কোনো ম্যাচ না খেলেই গত বছর উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ। প্রস্তুতির ঘাটতির প্রভাব পারফরম্যান্সে পড়েছিল প্রবলভাবেই। উইমেন’স টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতিতে সেরকম খামতি থাকছে না। বিশ্বকাপের আগে একটি ত্রিদেশীয় সিরিজে খেলবে নিগার সুলতানার দল। আগামী জুন–জুলাইয়ে নারী বিশ্বকাপের দশম আসর হবে ইংল্যান্ডে। এর আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটি হবে বলে সংবাদমাধ্যমকে বুধবার জানান বিসিবির নারী বিভাগের প্রধান রুবারা দৌলা। ‘বিশ্বকাপের আগে আমরা যেটা করছি, একটা হলো বিপিএল। এরপর একটি হোম সিরিজ আছে। এরপর একটি ত্রিদেশীয় সিরিজের অনুমোদন হয়ে গেছে এর মধ্যেই। স্কটল্যান্ডে যাবে দল, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও বাংলাদেশ খেলবে। এই পরিকল্পনাগুলো আমরা নিয়েছি।’ কয়েক দিন আগে বিসিবি জানিয়েছে, উইমেন’স বিপিএলের প্রথম আসর হবে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল। তিনটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে এই আসরে। টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হতে পারে আগামী ১৪ মার্চ। বিপিএলের পর তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসবে শ্রীলঙ্কা দল। আইসিসি ভবিষ্যৎ সফর সূচির অংশ এটি। স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটি হবে মে মাসের শেষ দিকে বা জুন মাসের শুরুতে। ত্রিদেশীয় সিরিজের এক প্রতিপক্ষ নেদাল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়েই আগামী ১৪ জুন বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। এই গ্রুপে আরও আছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।












