মধ্যপ্রাচ্য ফেরত ৪জন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট এবং আমদানি নিষিদ্ধ ক্রিম উদ্ধার করা হয়েছে। গতরাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস কর্তৃক অভিযান চালিয়ে এসব সিগারেট ও ক্রিম উদ্ধার করা হয়। শারজাহ ও দুবাই থেকে আসা দুইটি ফ্লাইটে ওই চারজন যাত্রী চট্টগ্রামে পৌঁছানোর পর তাদের লাগেজ তল্লাশি করে পণ্যগুলো আটক করা হয়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল জানান, দুবাই থেকে আসা ইউএস–বাংলা এয়ারলাইনসের একটি এবং শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে মোট চারজন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৩২০ কার্টন মন্ড সিগারেট ও ৫২০ টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়। চারজন যাত্রী হচ্ছেন ফেনীর ছাগলনাইয়ার জিয়াউল হক, রাউজানের দোলন শীল, ছাগলনাইয়ার শহীদ উল্লাহ এবং ফেনী সদরের শফিউর রহমান।
উদ্ধারকৃত সিগারেট থেকে রাজস্ব আয় ৬ লাখ ৪০ হাজার টাকা। পণ্যগুলো জব্দ করে যাত্রীদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়। জাতীয় নির্বাচনের ব্যস্ততার সুযোগে চোরাচালানের এই সুযোগ নেয়া হয় বলেও সূত্র জানিয়েছে।










