ইয়েমেনের ইরান–সমর্থিত হুথিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দর এবং তেল ও গ্যাস স্থাপনায় প্রাণহানির ঘটনার জবাবে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী।
রিয়াদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিল (ডব্লিউপিসি) এনার্জি কংগ্রেসে সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান বলেছেন, সামপ্রতিক সপ্তাহগুলোর ঘটনা গুরুতর। আমাদের জবাবও সমানভাবে কঠোর হতে হবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গত রোববার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালে হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এর এক দিন আগে হুথিদের একটি ক্ষেপণাস্ত্র ওই বিমানবন্দরের অন্য একটি টার্মিনালে আঘাত হানে। ওই হামলায় ১৩ জন নিহত হন এবং টার্মিনালটি বন্ধ করে দিতে হয়। খবর বিবিসি বাংলার।
হুথিরা জানিয়েছে, পশ্চিম ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সৌদি আরবের হামলার জবাবে তারা এসব হামলা চালিয়েছে। এদিকে হুথি–নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রাজধানী সানায় একটি বাড়িতে সৌদি বিমান হামলায় এক শিশু নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।
সৌদি নেতৃত্বাধীন একটি জোট ইয়েমেনের লোহিত সাগর উপকূলসহ বিভিন্ন এলাকায় হুথিদের বিরুদ্ধে লড়াইরত সরকারপন্থী বাহিনীকে বিমান সহায়তা দিয়ে আসছে। ২০১৪ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে ইয়েমেন ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে। ওই বছর হুথিরা রাজধানী সানা থেকে সরকারকে ক্ষমতাচ্যুত করে। পরে ২০১৫ সালে সংঘাত আরও তীব্র আকার ধারণ করে। সে বছর সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সরকারের শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক হস্তক্ষেপ করে।
জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি : সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা অব্যাহত রয়েছে। এমন প্রেক্ষাপটে রিয়াদে চলমান আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন থেকে বড় বড় তেল কোম্পানিগুলো নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে। রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর যুক্তরাজ্যের বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপি ঘোষণা করেছে যে, তারা সৌদি আরবে ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিলের এনার্জি কংগ্রেসে অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছে। ওই হামলার পরেও সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, রিয়াদে ১১ থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিলের আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন নির্ধারিত সময় অনুযায়ীই শুরু হয়েছে। এটি শহরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে বিপি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মেগ ও’নিলকে সম্মেলনের বক্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। তবে, বিপি’র একজন মুখপাত্র জানিয়েছেন যে, কোম্পানিটি এ ইভেন্টে যোগ দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল, কিন্তু যাতায়াত বা ভ্রমণের ব্যাঘাতের কারণে তারা সরাসরি উপস্থিত হতে পারেনি। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে, সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকা এঙনমোবিল, টোটাল এনার্জিজ এবং শেল–এর প্রধান নির্বাহী কর্মকর্তার্তারাও অংশগ্রহণ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন। শেল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এবং রয়টার্সের মন্তব্যের অনুরোধে টোটাল এনার্জিজ ও এঙনমোবিল তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।












