বিভিন্ন দেশের জাল নোটসহ গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

নগরীর অক্সিজেন পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন দেশের জাল নোটসহ মো. সোহেল চৌধুরী (৪০) নামে এক পেশাদার জাল নোট কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল নোটসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন পাঠানপাড়া এলাকার আহমদিয়া হাউজিং সোসাইটির জাহানারা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে কয়েকজন জাল নোট ব্যবসায়ী বিভিন্ন দেশের জাল মুদ্রা মজুত রেখে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. সোহেল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। সোহেল ফটিকছড়ির বাসিন্দা বলে জানা গেছে। এসময় তার কাছ থেকে ৭৪ হাজার ৫০০ জাল ভারতীয় রুপি, সংযুক্ত আরব আমিরাতের ১০০ জাল দিরহাম এবং ১ হাজার ৭০০ জাল মার্কিন ডলার জব্দ করা হয়। র‌্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে জাল মুদ্রা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। র‌্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, উদ্ধারকৃত জাল মুদ্রা ও গ্রেপ্তার আসামিকে শুক্রবার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলী কারখানায় মেরামত হচ্ছে ট্রেনের ১০৫টি বগি
পরবর্তী নিবন্ধপ্রকাশ্য যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, আফগানিস্তানে নিহত ২৭৪