বিভিন্নস্থানে ইফতার সামগ্রী বিতরণ

| রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলায় প্রতিবছরের ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সামাজিক সংগঠন আমরা গ্রামবাসী কল্যাণ সমিতি। এবার ৭ম বারের মতো সংগঠনটি ১৩৫টি পরিবারের ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেয়। গতকাল শনিবার সংগঠনের নেতৃবৃন্দরা সরাসরি বাড়িতে গিয়ে এসব সামগ্রী বিতরণ করেন। প্রতিটি প্যাকেটের ওজন ছিল ১৫ কেজি। এতে ছোলা, ডাল, তেল, পিয়াজ, আলুসহ প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী ছিল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম, উপদেষ্টা সদস্য মোহাম্মদ এরশাদ, সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসমাইল, সহসভাপতি মোহাম্মদ রাশেদ তালুকদার, মোহাম্মদ লোকমান সওদাগর প্রমুখ।

উল্লেখ্য, জান মোহাম্মদ পাড়াস্থ ৩ নম্বর স্বনির্ভর রাঙ্গুনিয়া ভিত্তিক এ সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকায় ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি শিক্ষা, গ্রামীণ বিকাশসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

পটিয়া :পবিত্র মাহে রমজানকে সামনে রেখে পটিয়া উপজেলার আলমদার পাড়া গ্রামের সমাজসেবক আলহাজ সৈয়দ নূর চৌধুরীর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার আলমদার পাড়া এলাকায় স্থানীয় ৫০০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

ইফতার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে নিম্নআয়ুর মানুষের কষ্ট লাঘবে বিত্তবানদের এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামিম চৌধুরী, গিয়াস উদ্দিন সেকু, জিয়াউল হক প্রিন্স,আজাদ তালুকদার, মো. আলী আকবর চৌধুরী এবং ফোরকান চৌধুরী। ইফতার সামগ্রীতে ছিল চাল, ডাল, তেল, ছোলা, চিনি ও খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য।

সীতাকুণ্ড :আসন্ন রমজান উপলক্ষে সীতাকুণ্ড পৌরসভার ১৭০০ পরিবারের মাঝে সরোয়ার এন্ড ব্রাদার্স ও আইএইচআরসি এসএমএমের উদ্যোগে গতকাল শনিবার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। একইসাথে সীতাকুণ্ড সিএনজি ও অটোরিকশা সমিতির সকল সদস্যদের মধ্যেও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

লায়ন মোহাম্মদ শাহজাহানের পৃষ্ঠপোষকতায় পশ্চিম মহাদেবপুরের নজির আহমদ দারুল আরকান মাদ্রাসায়ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর বিএনপির সদস্য সচিব ছালেহ আহাম্মদ ছলু, সালেহ আহমেদ, অ্যাড. মো. রোয়ার হোসাইন লাভলু, মো. শাহজাহান, মোহাম্মদ আনোয়ার হোসেন মাসুদ, মো. নুরুল আলম, সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ আলী আজম, অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, শেখ মো. বোরহান উদ্দিন প্রমুখ।

প্রিন্সিপ্যাল শামসুজ্জামান খান ফাউন্ডেশন : আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে কর্ণফুলী উপজেলার বড়উঠানে প্রিন্সিপ্যাল এ জেড এম শামসুজ্জামান খান ওয়েলফেয়ার ফান্ডের উদ্যোগে ইফতার সামগ্রী, ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। প্রয়াতের নিজ গ্রামের বাড়িতে গত ১০ ফেব্রয়ারি তাঁর জেষ্ঠ্য কন্যা সাবরিনা খান অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে এসব পণ্য ও অর্থ বিতরণের মধ্য দিয়ে এই ফাউন্ডেশনের সূচনা করেন। এলাকার বিপুল সংখ্যক দুস্থ পরিবারের সদস্যরা এসব পণ্য ও নগদ অর্থ গ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘জাগরণ ভ্যান’ কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র
পরবর্তী নিবন্ধত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনসিসির দায়িত্ব পালন