বিপিসিতে বড় রদবদল

| সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দুই পরিচালককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর এবার আরও এক ডজন কর্মকর্তার দায়িত্ব বদল করা হয়েছে। দেশে জ্বালানি তেল আমদানি ও সরবরাহের দেখভাল করা রাষ্ট্রায়ত্ত সংস্থাটি ও এর অধীনস্ত কোম্পানিটির কর্মকর্তাদের একই আদেশে গতকাল রোববার বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাদের আজ সোমবার বিকালের মধ্যে নতুন দায়িত্ব বুঝে নিতে আদেশ দেওয়া হয়েছে। কেউ দায়িত্ব বুঝিয়ে দিতে না চাইলে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন বলে আদেশে বলা হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বিপিসিতে বড় ধরনের এ প্রশাসনিক পরিবর্তন এল। এর আগে গত বৃহস্পতিবার বিপিসির দুই পরিচালককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার কথা বলেছিলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ওইদিন তিনি বলেন, কাজে অবহেলার কারণে তাদের ওএসডি করা হয়েছে। মন্ত্রণালয় থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল, তারা তার উল্টোটা করেছেন। খবর বিডিনিউজের।

বৃহস্পতিবার পরিচালক (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এ কে এম আজাদুর রহমান এবং পরিচালক (মার্কেটিং) মুহাম্মদ আশরাফ হোসেনকে তাৎক্ষণিকভাবে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এরপর সাপ্তাহিক ছুটি শেষে প্রথম কার্যদিবস গতকাল রোববার একই সঙ্গে ১২ জন কর্মকর্তার দায়িত্বে বড় ধরনের বদলের আদেশ এল। এতে বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক ও এলপি গ্যাস লিমিটেডের এমডি মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে করপোরেশনের বণ্টন ও বিপণন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মণিলাল দাশকে পরিবহন ও উন্নয়ন বিভাগে এবং মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে বাণিজ্য ও অপারেশন বিভাগে পদায়ন করা হয়েছে। মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে বণ্টন ও বিপণন বিভাগে নেওয়া হয়েছে। উপমহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর কবিরকে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করে অর্থ বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। উপমহাব্যবস্থাপক শাহরিয়ার মোহাম্মদ রাশেদকে বণ্টন ও বিপণন বিভাগে বদলি করা হয়েছে। ব্যবস্থাপক পর্যায়েও কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। ব্যবস্থাপক মো. বদরুল ইসলাম ফকিরকে নিরীক্ষা বিভাগে এবং ব্যবস্থাপক মো. আলআমীনকে হিসাব ও ফান্ড হিসাব বিভাগে পদায়ন করা হয়েছে। একই আদেশে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মরত সিনিয়র সেলস অফিসার শিশির আইচকে বিপিসির বণ্টন ও বিপণন বিভাগে আনা হয়েছে। যমুনা অয়েল কোম্পানিতে কর্মরত আবু নোমান মুহাম্মদ মঈন উদ্দীন শিবলীকে বিপিসির প্রশাসন শাখায় আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কনিষ্ঠ কর্মকর্তা মো. গোলাম রব্বানীকে নিরীক্ষা বিভাগ থেকে সংস্থাপন শাখায় বদলি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে আন্তর্জাতিক নারী দিবস পালন
পরবর্তী নিবন্ধ১৪ মার্চ ইমাম-মোয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী