বিপিএলের মঞ্চে বাবা ছেলের জুটি

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৬:৫৯ পূর্বাহ্ণ

বিপিএলের মঞ্চে এবার বিশেষ কিছু দেখা গেলো। অভিষিক্ত হাসান ইসাখিলের মাথায় ক্যাপ পরিয়ে দিলেন তার বাবা মোহাম্মদ নবি। বাবাছেলে দলের সঙ্গে আছে, অনুশীলন করছেন। কিন্তু একসঙ্গে ম্যাচ খেলার সুযোগটা হচ্ছিল না বিপিএলে। অবশেষে সেই দিনটি এলো। একই দলের একাদশে বাবা ও ছেলের নাম একসঙ্গে দেখা গেল প্রথমবার। বিপিএলে একটি ইতিহাস গড়লেন নবি ও ইসাখিল। নোয়াখালী এক্সপ্রেসের একাদশে নবি খেলছেন নিয়মিতই। সিলেটে রোববার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে সুযোগ পেলেন তার ছেলে ইসাখিলও। শুধু ম্যাচ খেলার সুযোগই নয়, উপলক্ষটি দারুণ ব্যাটিংয়ে রাঙালেন ইসাখিল। ১৯ বছর বয়সী ব্যাটসম্যান বিপিএল অভিষেকে উপহার দিলেন ৬০ বলে ৯২ রানের ইনিংস। ইনিংসটির পথে দুজনের একসঙ্গে দারুণ একটি জুটিও হয়। ৩০ বলে ৫৩ রানের জুটি গড়েন তারা চতুর্থ উইকেটে। জুটিতে ছেলের ব্যাট থেকে আসে ১৭ বলে ৩৪, বাবার ব্যাট থেকে ১৩ বলে ১৭। তাদের দুজনের একসঙ্গে একই ম্যাচে খেলা অবশ্য নতুন কিছু নয়। আফগানিস্তানে ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু ম্যাচেই একসঙ্গে খেলেছেন দুজন, বাবাছেলের জুটিও হয়েছে। তবে বিপিএলের মঞ্চে যে কোনো বাবাছেলের জুটিরই অংশগ্রহণ এবারই প্রথম। বিপিএলে নবির পা পড়েছে নিয়মিত। ৪১ বছর বয়সী অলরাউন্ডার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি এই আসরে খেলছেন এবার নিয়ে নবমবার। তার ছেলে ইসাখিল মূলত ওপেনিং ব্যাটসম্যান। আফগানদের অনূর্ধ্ব১৯ দলে খেলেছেন। ঘরোয়া ক্রিকেটেও বেশ সাড়া জাগিয়েছেন। দেশের বাইরের লিগে খেলছেন তিনি প্রথমবার।

একটা সময় মনে হচ্ছিল, ক্রিজে নবিকে সাক্ষী রেখেই সেঞ্চুরি করবেন ছেলে। কিন্তু অষ্টাদশ ওভারের শেষ বলে আউট হয়ে যান নবি। তার ছেলে এরপর আর কোনো রান করতে পারেননি। পরের ওভারের দ্বিতীয় বলে আউট হয়ে যান তিনিও। তার ৯২ রানের ইনিংসে ৭টি চারের সঙ্গে ছক্কা ৬টি। নবিইসাখিলের আগে স্বীকৃত ক্রিকেটে বাবাছেলের একসঙ্গে খেলার সাড়া জাগানো ঘটনা ছিল শিবনারায়ন চন্দরপল ও তেজনারায়ন চন্দরপলের। ক্যারিবিয়ান বাবাছেলে একসঙ্গে খেলেছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটে। গায়ানার হয়ে একসঙ্গে ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন দুজন। বাবার অধিনায়কত্বেও খেলেছেন তেজনারায়ন। বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে বাবাছেলের একসঙ্গে খেলার কিছু নজির আছে আরও। ক্রিকেটের অমর বুড়ো খ্যাত কিংবদন্তি ডব্লিউ জি গ্রেস খেলেছেন তার ছেলে চার্লস গ্রেসের সঙ্গে। ইংল্যান্ডেরই সাবেক অধিনায়ক অ্যালেক স্টুয়ার্ট খেলেছেন বাবা মিকি স্টুয়ার্টের সঙ্গে। জিম্বাবুয়ের গ্রেট প্রয়াত হিথ স্ট্রিক খেলেছেন বাবা ডেনিস স্ট্রিকের সঙ্গে। আন্তর্জাতিক ক্রিকেটে বাবাছেলের একসঙ্গে খেলার প্রথম নজিরটি দেখা গেছে গত নভেম্বরে। তিমুর লেস্তের হয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলেছেন বাবা ৫০ বছর বয়সী সুহাইল সাত্তার ও ছেলে ১৭ বছর বয়সী ইয়াহিয়া সাত্তার।

পূর্ববর্তী নিবন্ধতামিম ইকবালকে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন
পরবর্তী নিবন্ধজয়ের ধারা অব্যাহত নবাগত নোয়াখালীর