দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের আহ্বানের প্রেক্ষিতে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সূচিতে পরিবর্তন আনার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, বিদ্যুৎ ব্যবহার কমাতে দিনের বেলাতেই ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। সামপ্রতিক সময়ে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সরকারিভাবে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ক্রীড়াঙ্গনেও সচেতনতা বাড়াতে উদ্যোগ দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ম্যাচ সময়সূচি নতুন করে নির্ধারণের বিষয়টি সামনে এনেছেন তামিম। তামিম জানান, ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টা কিংবা ১১টা ৩০ মিনিটে শুরু করার চিন্তা করা হচ্ছে। অন্যদিকে, টি–টোয়েন্টি ম্যাচগুলো রাখা হতে পারে দুপুর ২টা অথবা ২টা ৩০ মিনিটে। এতে করে ফ্লাডলাইটের ব্যবহার কমবে এবং বিদ্যুৎ সাশ্রয় সম্ভব হবে বলে মনে করছে বোর্ড। তামিম বলেন, ‘বাংলাদেশ সরকার উৎসাহিত করছে যাতে আমরা বিদ্যুৎ যতটা সম্ভব সাশ্রয় করতে পারি। এটার কথা চিন্তা করে আমরা নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন করছি। আমরা যতটা সম্ভব মিনিমাম আন্ডার লাইটে খেলার চেষ্টা করব। ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টা কিংবা ১১টা ৩০ মিনিটে শুরু করার চিন্তা করা হচ্ছে। অন্যদিকে টি–টোয়েন্টি ম্যাচগুলো রাখা হতে পারে দুপুর ২টা অথবা ২টা ৩০ মিনিটে।’ তিনি আরও বলেন, ‘সরকার যখন বিদ্যুৎ সাশ্রয়ের কথা চিন্তা করছে, ক্রিকেট বোর্ড হিসেবে আমাদেরও উচিত। যদি আন্ডার লাইটে খেলতে হয়, যতটা মিনিমাম ব্যবহার করা যায়, চেষ্টা থাকবে।’













