‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে রাবিপ্রবিতে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

বিতর্কিত ব্যক্তিকে’ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়ার চক্রান্তের অভিযোগ উঠেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) প্রশাসনের বিরুদ্ধে। এ অভিযোগে গত মঙ্গলবার সকাল ১০টার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের (ভিসি চত্বর) সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত ‘অবস্থান ও লাল কার্ড প্রদর্শন’ কর্মসূচি থেকে অভিযোগ তোলা হয়েছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিতর্কিত কর্মকর্তা ও ডেপুটি রেজিস্ট্রার মশিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত তদন্ত চলমান থাকলেও তাকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) রেজিস্ট্রার পদে নিয়োগের পাঁয়তারা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সময় রাবিপ্রবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জিশান আহম্মেদ, মোহাম্মদ সাঈদ ও রাকিবুল ইসলাম এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শামস শাহরিয়ার বক্তব্য দেন। বক্তারা বলেন, যে ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি ও প্রতারণার তদন্তের আদেশ দিয়েছে, তাকে আমাদের বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে কোনোভাবেই গ্রহণ করা হবে না। রাবিপ্রবি কোনো দুর্নীতিবাজের পুনর্বাসন কেন্দ্র হতে পারে না। কর্মসূচিতে শিক্ষার্থীরা, দুর্নীতিবাজের বিরুদ্ধে, লাল কার্ড লাল কার্ড; প্রতারকের বিরুদ্ধে, লাল কার্ড লাল কার্ড; দুর্নীতিবাজের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; মশিউরের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না;-এমন স্লোগান দেন।

এদিকে, বিক্ষোভের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির, প্রক্টর ও সহকারী প্রক্টর আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে উদ্ভূত বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের দুর্নীতি হবে না বলে আশ্বস্ত করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষার্থী জিসান আহম্মেদ জানিয়েছেন, প্রশাসন থেকে শিক্ষার্থীদের জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ে কোনো দুর্নীতিবাজ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে না। প্রশাসনের এই মৌখিক আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন। তবে শিক্ষার্থীরা স্পষ্ট করে জানিয়েছেন, যদি এই আশ্বাসের প্রতিফলন না ঘটে এবং বিতর্কিত কাউকে নিয়োগ দেয়া হয়; তবে ভবিষ্যতে আরও কঠোর ও আমরণ কর্মসূচির ডাক দেয়া হবে। রাবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির জানান, শিক্ষার্থীদের মধ্যে একটা ভুল ইনফরমেশন ছিল। যাকে (মশিউর রহমান) নিয়োগ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে, তার ব্যাপারে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে পরিচ্ছন্নতাকর্মীদের সমস্যা নিরসন ও সেবার মানোন্নয়নে মতবিনিময়
পরবর্তী নিবন্ধমাহমুদা খাতুন