জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরের ষষ্ঠ রাউন্ডে রংপুর বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ২৭০ রান করেছে চট্টগ্রাম বিভাগ। ৮০ ওভারে ৬ উইকেট হারিয়েছে তারা। মিডল অর্ডার ব্যাটার জিল্লুর রহমান বিজয় সেঞ্চুরি পেয়েছেন। তিনি ১০৫ রানে অপরাজিত আছেন। বিজয় ১০টি চার হাঁকিয়েছেন। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম। নেমেই অল্প রানে দুই উইকেট হারায় তারা। ২৮ রানের মধ্যে দুই ওপেনার ফিরে যায় চট্টগ্রামের। ওপেনার সাদিকুর রহমান ১৯ বল খেলে ১১ ও মাহমুদুল হাসান জয় ১৬ বল খেলে ১৬ রানে আউট হয়ে যান।
তিন নম্বরে নামা জসিমউদ্দিন ৫২ বলে ২২ রান করে সাজঘরে ফিরে যান। তার ইনিংসে ছিল ৩টি চারের মার। জসিমউদ্দিন ফিরে যাওয়ার পর চতুর্থ উইকেট জুটিতে ১৪৮ রানের জুটি গড়েন জিল্লুর রহমান বিজয় ও অধিনায়ক ইয়াসির আলি চৌধুরী। ৮টি চার ও ১টি ছক্কায় ইয়াসির ১৪০ বল খেলে ৭৭ রানে আউট হন ইয়াসির। তিনি মেহেদি হাসানের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন। এরপর ওমর হাসান ১৯ বল খেলে ৭ ও উইকেটকিপার ইরফান শুক্কুর ২০ বল খেলে ১৫ রানে আউট হন। ওমর আবু হাশিমের বলে এলবি এবং ইরফান রবিউল হকের বলে বোল্ড হয়ে যান। এই দু’জন আউট হলেও, এক প্রান্ত আগলে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরির দেখা পান বিজয়। শতকের স্বাদ নিয়ে দিনের খেলা শেষ করেছেন ২১ বছর বয়সী বিজয়। ১০টি চারে ১৮৮ বলে অনবদ্য ১০৫ রান করেছেন তিনি। ২৬ বল খেলে ৮ রানে অপরাজিত আাছেন নাইম হাসান। রংপুরের রবিউল হক ৪৯ রান দিয়ে ৩টি ও মেহেদি হাসান ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন। আবু হাশিম ৫৫ রান দিয়ে ১টি উইকেট দখল করেন।











