বিজ্ঞান শিশুদের কৌতূহলের জগৎ উন্মোচন করে

জামাল নজরুল শিশু-কিশোর বিজ্ঞান উৎসবে বক্তারা

| রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৯:০৬ পূর্বাহ্ণ

ফুলকি ট্রাস্টের প্রয়াত সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী গাণিতিক পদার্থবিদ অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্মরণে শিশুকিশোরদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘জামাল নজরুল শিশুকিশোর বিজ্ঞান উৎসব’। এবারে এ আয়োজনের ৮ম আসর। গতকাল শনিবার নন্দনকাননস্থ ফুলকি প্রাঙ্গনে এ উৎসবে বিজ্ঞানের নানা আয়োজন নিয়ে মেতে উঠে শিশু কিশোররা। দুদিনের এ আয়োজনে বিজ্ঞানভিত্তিক কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান বক্তৃতা, প্রজেক্ট নির্মাণ ও প্রদর্শনী, বিজ্ঞান বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনারসহ নানা আয়োজন। গতকাল শনিবার উদ্বোধনী আয়োজনে অতিথি ছিলেন পরমাণু শক্তি কেন্দ্র, চট্টগ্রামের পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহাদত হোসেন, চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. আদনান মান্নান, চুয়েট বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. সুমিত মজুমদার। উদ্বাধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলকি ট্রাস্টের সভাপতি আবুল মোমেন, কবি ওমর কায়সার ও ফুলকির সর্বাধ্যক্ষ শীলা মোমেন।

উৎসবে বক্তারা বলেন, বিজ্ঞান শিশুদের জন্য বিশাল এক কৌতুহলের জগৎ উন্মোচন করে। জামাল নজরুল ইসলাম যুগান্তর ধরে বিজ্ঞানীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। তিনি শিশু কিশোরদের মাঝে বিজ্ঞানকে আকর্ষণীয় করার জন্য কাজ করেছেন। আমাদের দেশ যদি সত্যিকারের উন্নয়ন চায় তাহলে বিজ্ঞান ও উদ্ভাবনে গুরুত্ব দিতেই হবে।

৫ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীতে নির্বাচিত ২০টি প্রজেক্ট স্থান পায়। দুদিনই এই প্রজেক্টগুলো প্রদর্শনীতে উপস্থাপিত হবে।

এদিন সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় সেমিনার। সেমিনারের বিষয় ছিলো : ক্ষুদ্র পরমানু বিপুল শক্তি: পারমানবিক বিজ্ঞানের একটি পরিচিতি। সেমিনারে বক্তা ছিলেন পরমাণু শক্তি কেন্দ্র চট্টগ্রামের পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহাদত হোসেন। দুপুরে শুরু হয় বিতর্ক প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় ও ফুলকি সহজপাঠ বিদ্যালয়। বিকাল ৩ টায় বিজ্ঞানবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী। এতে ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজ্ঞান উৎসবে দ্বিতীয় দিন আজ শিক্ষক সেমিনারে বক্তা থাকবেন ঢাবি তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ’৮২ এর ইফতার ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধভোটার আইডি কার্ড বিতরণের শেষ সময় ৩১ মার্চ