বিজ্ঞানে যে জাতি যত উন্নত হবে সে জাতি ততই সমৃদ্ধ হবে

জীববিজ্ঞান অলিম্পিয়াডে চবি উপাচার্য

চবি প্রতিনিধি | রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকান বলেছেন, বিজ্ঞানে যে জাতি যত উন্নত হবে সে জাতি ততই সমৃদ্ধ হবে। সর্বক্ষেত্রে তাদের উন্নতি ঘটবে। এজন্য কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞান সম্পর্কে উদ্বুদ্ধ করতে হবে। বিজ্ঞানের অন্যতন শাখা হলো জীববিজ্ঞান। শেখার মতো, আবিষ্কার করার মতো জীববিজ্ঞানের অনেক বিষয় রয়েছে। সেসব বিষয়ে শিক্ষার্থীদের জানার চেষ্টা করতে হবে। এজন্য প্রথমে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কে? জীবনের পরতে পরতে আমি কে, এ প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে অনেক অজানা বিষয়ে বেরিয়ে আসবে।

গতকাল শনিবার নগরের সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে চট্টগ্রাম আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির এসব কথা বলেন চবি উপাচার্য।

সকাল ৯টা থেকে ১০টায় শিক্ষার্থীরা অলিম্পিয়াডে অংশ নেয়। এরপর আলোচনা পর্ব শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে ক্ষুদে বিজ্ঞানীরা বিজ্ঞানের চমকপ্রদ প্রশ্ন করেন। এরপর নির্বাচিতদের মাঝে মেডেল প্রদান এবং ফটোসেশান অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি ছিলেন মেরিন সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ ডা. সুজাত পাল এবং চবি জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রফেসর ড. এ এম মাসুদুল আজাদ চৌধুরী। সিভাসুর পরিবেশ জীবপ্রযুক্তি বিভাগের প্রভাষক ফাহমিদা বিনতে ওয়ালি স্বাগত বক্তব্য দেন। সভাপতিত্ব করেন চবি জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সভাপতি ও জীববিজ্ঞান অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রফেসর ড. লায়লা খালেদা (আঁখি)। তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান শেখার ক্ষেত্রে শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে ব্যবহারিকসহ এঙট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশ নিতে হবে।

শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন অতিথিবৃন্দ। জীববিজ্ঞান অলিম্পিয়িাড পরীক্ষা পরিচালনা করেন চবি জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. জিবরান আলম এবং সহযোগিতা করেন চবি জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ৩৫ জন শিক্ষার্থী ও ঢাকা থেকে আগত জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রতিনিধিবৃন্দ। জীববিজ্ঞান অলিম্পিয়াডে এবারে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে মন্দীপ রয়, সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে সিদ্ধার্থ দেব ও জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে নবনীতা চৌধুরী। উপাচার্যসহ অতিথিবৃন্দ চ্যাম্পিয়নদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ে যারা উত্তীর্ণ হয়েছেন তারা জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে। এবারের জীববিজ্ঞান অলিম্পিয়াডে চট্টগ্রামের ১১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানত বিমানবন্দরে ২০০ কার্টন সিগারেট জব্দ
পরবর্তী নিবন্ধআমাদের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর জাতি গড়ে তুলতে হবে