বিএনপি জামায়াত ধ্বংস করতে জানে, সৃষ্টি করতে জানে না : প্রধানমন্ত্রী

ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে ছাড় নয়

| শুক্রবার , ২১ জুলাই, ২০২৩ at ৪:৩০ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত অংশে ডুয়েল গেজ ডাবল লাইন উদ্বোধন করে এ রেললাইন রক্ষায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই এ কাজগুলো করা সম্ভব হবে। এটা জাতীয় সম্পদ, এটা জনগণকে রক্ষা করতে হবে। জনগণকে বলব, সন্ত্রাসী বিএনপি জামায়াতের হাত থেকে যেন নিজেদের রক্ষা করে, কারণ তারা ধ্বংস করতে জানে, এরা সৃষ্টি করতে জানে না, এরা ধ্বংস করতে জানে, এরা কিছু দিতে জানে না।’ খবর বিডিনিউজ ও বাসসের।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল দুপুরে আখাউড়ালাকসাম ডুয়েল গেজ ডাবল লাইন উদ্বোধন করেন সরকারপ্রধান। তিনি বলেন, সরকার বিএনপিজামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেবে না, তবে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে তাদের ছাড় দেয়া হবে না। ২০১৩২০১৫ সময়কালে বিএনপি জামায়াত চক্রের দ্বারা সংঘটিত সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘আমরা তাদের রাজনীতি করতে বাধা দেব না এবং করছিও না। কিন্তু, তারা আবার রেলে আগুন দিলে বা জনগণের কোনো ক্ষতি করলে রেহাই পাবে না।’

এই রেল লাইন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী পতাকা নাড়ালে অপর প্রান্তে ট্রেন চলতে শুরু করে। সেসময় তিনি বলেন, ‘ঢাকাচট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন উদ্বোধন ঘোষণা করছি।’

এ উপলক্ষে কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, আইনমন্ত্রী আনিসুল হক ও রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন তাতে অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধআটকে গেল চবির তিন শিক্ষকের পদোন্নতি
পরবর্তী নিবন্ধক্রসিং ভোগান্তি থেকে মুক্ত ঢাকা-চট্টগ্রাম রেলপথ