বিএনপি এককভাবে ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী

২৯৯ আসনের মধ্যে ২৯৭টির ফল ঘোষণা স্বতন্ত্র ৭, এনসিপি ৬ ও অন্যান্য দল পেল ৭টি আসন দ্রুত সময়ে গেজেট প্রকাশের প্রস্তুতি সিইসির সংসদ নির্বাচনে ৫৯.৪৪ ও গণভোটের হার ৬০.২৬, গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত

আজাদী ডেস্ক | শনিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণা করে ইসি সচিব বলেন, ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের (চট্টগ্রাম ২ ও ৪) ফলাফল ঘোষণা করা হচ্ছে না। বাকি ২৯৭টি আসনের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বিএনপি ২০৯টি ও জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে। অন্যান্য দলের ফলাফলের তথ্য তুলে ধরে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়লাভ করেছে। এছাড়া ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

ভোটের হার প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে কাস্ট হওয়া ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে ভোটের হার কিছুটা বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আদালতের নির্দেশনায় সংসদ নির্বাচনের দুটি আসনের ফল স্থগিত থাকলেও সেখানে গণভোটের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, তাই সেই ভোটগুলো গণভোটে যুক্ত হয়েছে। তিনি বলেন, গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর বিপক্ষে বা ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

গেজেট প্রকাশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিটার্নিং অফিসারদের কাছ থেকে চূড়ান্ত রেজাল্ট শিট (হার্ড কপি) আসার পর তা যাচাইবাছাই করে যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে। আশা করছি আজ (শুক্রবার) সন্ধ্যা নাগাদ হার্ড কপি আসা শুরু হবে। এ সময় নির্বাচনের সংবাদ প্রচারে নিরলসভাবে সহযোগিতা করার জন্য কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইসি সচিব।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পরই ভোট গণনা শুরু হয়। এরপর বৃহস্পতিবার রাতে সারা দেশ থেকে রিটার্নিং কর্মকর্তারা ইসিতে ফলাফল পাঠানো শুরু করেন। কমিশন বৃহস্পতিবার রাতে প্রথমে আংশিক ফলাফল ঘোষণা শুরু করেন। এরপর গভীর রাত থেকে চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা শুরু হয়। উৎসবমুখর পরিবেশে দেশিবিদেশি গণমাধ্যম, রাজনীতিবিদ ও পর্যবেক্ষকদের উপস্থিতি বহু কাঙ্ক্ষিত এই ফলাফল ঘোষণা করা হয়। ইসি ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই শতাধিক আসনে জয়লাভ করেছে। জামায়াতে ইসলামীর একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর৩ আসনে নির্বাচন বাতিল করে ইসি। এছাড়া চট্টগ্রাম২ ও ৪ আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই দুটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে ইসি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২৫ দলের ৭৮ প্রার্থী হারালেন জামানত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের তিন আসনে রাজনৈতিক উত্তরাধিকারের উত্থান