আসন্ন নির্বাচনে কুমিল্লা–৪ আসনে মনোনয়ন বাতিল হওয়া বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি এবার বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে মঞ্জুরুল আহসান মুন্সিকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মঞ্জুরুল আহসান মুন্সির একটি ভিডিও বক্তব্য সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে কুমিল্লা–৪ আসনের স্থানীয় ভোটারদেরকে ‘ট্রাক’ প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাতে শোনা যায় তাকে।
ভিডিওতে এক পর্যায়ে হুমকির সুরে তিনি বলেন, যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না… ঘরবাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব…আমি কিন্তু কথাটা খুব পরিষ্কারভাবে বলতেছি। এটা মনে কইরেন না আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন, ফেসবুকে ছেড়ে দিতে পারেন। আমার অসুবিধা নাই। আমি এটা মিন করতেছি। সুতরাং আমাকে যেন অপমানিত না হইতে হয়। আমি যদি অপমানিত হই, সে অপমানের শোধ কিন্তু আমি ওইভাবেই নেব।
উল্লেখ্য, কুমিল্লা–৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। কিন্তু পরবর্তীতে ওই আসনে জামায়াত জোটের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর অভিযোগের প্রেক্ষিতে ঋণখেলাপি প্রমাণিত হওয়ায় তাঁর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।
এই প্রেক্ষাপটে, কুমিল্লা–৪ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী ‘ট্রাক’ প্রতীকের জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি। এরপর থেকেই ‘ট্রাক’ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের উদ্দেশে হুমকিস্বরূপ বক্তব্য দেন মনোনয়ন হারানো ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি।












