শেষ পর্যন্ত নগরের কালামিয়া বাজারে হতে যাচ্ছে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ দুপুর ২ টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ২৫ নভেম্বর সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সঙ্গে নগর বিএনপি নেতৃবৃন্দ দেখা করে জেলা পরিষদ চত্বর অথবা কাজীর দেউড়ি মোড়ে সমাবেশ করার অনুমতি চেয়েছিলেন। গতকাল সকালে আবারো দেখা করেন তারা। এর প্রেক্ষিতে সিআরবিতে সমাবেশ করার অনুমতি দেয় সিএমপি। এরপর স্থানটি পরিদর্শন করে প্রস্তুতিও শুরু করে বিএনপি। সর্বশেষ বিকেলে রেলওয়ে কর্তৃপক্ষ অনুমতি দিচ্ছে না জানিয়ে সমাবেশস্থল পরিবর্তন করতে বলা হয়। পরে নগর বিএনপির প্রস্তাবিত কালামিয়া বাজারস্থ কে বি কনভেনশন হল মাঠে অনুমতি দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন দৈনিক আজাদীকে বলেন, বিরোধী দল হলে যা হয় আর কি। সরকারি দল হলে অনুমতি নিয়ে ঘোরাঘুরি করতে হত না। তবে এখন যেখানে সমাবেশ হবে সেটা অনেক বড় মাঠ। সমাবেশে চট্টগ্রামের তিনটি সাংগঠনিক জেলা ছাড়াও তিন পার্বত্য জেলা, কক্সবাজার, ফেনী ও লক্ষ্মীপুর থেকেও নেতাকর্মীরা যোগ দিবেন বলে জানান তিনি।
এদিকে সমাবেশকে ঘিরে চার সদস্যের একটি বিভাগীয় টিম গঠন করে দিয়েছে কেন্দ্র। এতে নেতৃত্ব দিচ্ছেন দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মেশাররফ হোসেন। অন্য সদস্যরা হচ্ছেন ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
জানা গেছে, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে গত ২৪ নভেম্বর ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর অংশ হিসেবে আজ চট্টগ্রামসহ দেশের বিভাগীয় সদরে বিএনপির সমাবেশ হওয়ার কথা। এছাড়া আগামী ১ ডিসেম্বর সারা দেশে ছাত্রদলের সমাবেশ, ২ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন, ৩ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে কৃষক দলের সমাবেশ এবং ৪ ডিসেম্বর মৌন মিছিল করবে মহিলা দল। এর আগে গণ অনশন ও সারা দেশের জেলা প্রশাসকদের স্মারকলিপি প্রদানসহ বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।












