বায়েজিদ থানাধীন পশ্চিম ষোলশহর মৌজার ভেড়া ফকিরের পাহাড় কেটে বসতি তৈরি করার অভিযোগে ৯ ব্যক্তিতে ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার দুপুরে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে ৯ ব্যক্তির বিরুদ্ধে পরিবেশগত ক্ষতিপূরণের (জরিমানা) আদেশ জারি করেন কার্যালয়ের পরিচালক (সরকারের যুগ্ম সচিব) মো. নূরুল্লাহ নূরী।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানিয়েছে, বায়েজিদের পশ্চিম ষোলশহর মৌজায় ভেড়া ফকিরের পাহাড় কর্তন করে স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে গত ২৪ নভেম্বর এনফোর্সমেন্ট পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের একটি টিম। কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে পাহাড় কেটে বসতি নির্মাণের সত্যতা পেয়ে ৯ জনকে শুনানিতে ডাকা হয়। গতকাল নির্ধারিত সময়ে শুনানি শেষে তাদেরকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।













