বাড়ি যাওয়ার বাস না পেয়ে চবির ফটকে চাকসুর তালা

| বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে বাড়ি ফিরতে ক্যাম্পাসের বাস না পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়েছেন চাকসু নেতারা। গতকাল মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। প্রায় ৫০ জনের মত শিক্ষার্থী সেখানে অবস্থান করেন। সাড়ে তিন ঘণ্টা পর রাত সোয়া ৮টার দিকে সেই তালা খুলে দেওয়া হয়।

সোহানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা মারার সংস্কৃতিতে আমরা ফিরতে চাই না। কিন্তু প্রশাসনের উদাসীনতা আমাদের বাধ্য করেছে। সারা দেশে নির্বাচনের আমেজ চলছে। অনেক শিক্ষার্থী ভোট দিতে আগ্রহী হলেও কাউন্টারে গিয়ে টিকিট না পেয়ে ক্যাম্পাসে ফিরে এসেছে। চাকসুর উদ্যোগে আমরা একাধিকবার বাস ভাড়া করার চেষ্টা করেছি এবং প্রশাসনের সহায়তা চেয়েছি। উপাচার্যের কাছে বারবার আবেদন করেও কোনো সহযোগিতা পাইনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ভিত্তিতে ১৯টি বাস ও একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে প্রায় ৯ লাখ টাকা প্রয়োজন ছিল। উপাচার্যের সঙ্গে আলোচনা হলেও তিনি রেলওয়ের সঙ্গে যোগাযোগ করেননি, আর্থিক সহায়তাও দিতে রাজি হননি। সবশেষ চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব উপাচার্যের সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, ভোট দেওয়া নাগরিক অধিকার, এর জন্য বিশ্ববিদ্যালয় কেন দেবে। শেষ পর্যন্ত শুধু চট্টগ্রাম মেইল ট্রেনের দুটি বগি ভাড়া করতে ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

তালা খুলে দেওয়ার পরে সোহানুর রহমান বলেন, আমাদের ম্যানেজ করা গাড়ির ভাড়া সমন্বয় করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন পর্যন্ত আমরা তিনটি বাস ও ট্রেনের দুটি বগি ম্যানেজ করতে পেরেছি। এর মধ্যে একটি বাস যাচ্ছে খুলনা, আরেকটি ময়মনসিংহ ও আরেকটি যাচ্ছে রংপুর।

ফটকে তালা ঝোলানোর মধ্যে ফেসবুকে চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ লিখেন, বিশ্ববিদ্যালয়ের বাস শিক্ষার্থীদের জন্য ব্যবহার করতে দেওয়া যাবে না বলে উপাচার্য জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের আমেজপূর্ণ মৌসুমে আর কোথাও বাস না পেয়ে আমরা ভাড়া পরিশোধ করে বাস নিতে চাওয়ার পরেও প্রশাসনের অপারগতায় অবাক হচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমি সবসময় চাকসুর কাছে দায়িত্বশীল ভূমিকা আশা করি। শিক্ষার্থীদের যাতায়াত নিয়ে এমন কোনো দাবি বা মতবিরোধ হয়েছে, যার কারণে মূল ফটকে তালা দেওয়া হয়েছেএমন কিছু আমি প্রত্যক্ষ করিনি।

তালা খুলে দেওয়া ও বাস ভাড়া সমন্বয়ের প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না। আমি আনুষ্ঠানিক আলোচনায় ছিলাম না। তারা যে দাবি করেছে হয়ত তা বাস্তবায়নযোগ্য কোনো দাবি নয়, এমন অনুধাবন থেকেই তারা গেট খুলে দিতে পারেন বলে আমার ধারণা।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধগ্রামের পথে মানুষের ঢল