বাহারছড়ার চেয়ারম্যান রেজাউল করিমকে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার আদেশ

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম চৌধুরীকে (ইউনুছ মুন্সি) পুনরায় দায়িত্ব পালনের আদেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের (স্থানীয় সরকার শাখা, চট্টগ্রাম) উপপরিচালক (উপসচিব) গোলাম মাঈনউদ্দিন হাসান গত সোমবার এ আদেশ প্রদান করেন। প্রশাসন সূত্রে জানা যায়, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মৃত্যুবরণ করলে ২০২৪ সালের ৯ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে অটোরিকশা প্রতীকে জয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মো. রেজাউল করিম চৌধুরী। কিছুদিন দায়িত্ব পালনের পর বিগত ৫ আগস্ট পরবর্তী ঘটনার প্রেক্ষিতে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি বাঁশখালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে সময় পরিষদের কার্যক্রম সক্রিয় রাখতে প্যানেল চেয়ারম্যান ২ ও ইউপি সদস্য আবদুল মাবুদকে বিগত ২০২৫ সালের ৫ মে দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তীতে জেল থেকে জামিনে বের হয়ে বিগত ২০২৫ সালের ২৪ জুন দায়িত্ব ফিরে পেতে আবেদন করেন চেয়ারম্যান মো. রেজাউল করিম চৌধুরী। সেটার কোনো সুরাহা না হলেও পরবর্তীতে চট্টগ্রাম জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বিগত ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর বাঁশখালী উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) বাহারছড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব প্রদান করেন।

এদিকে বাহারছড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগের ব্যাপারে চেয়ারম্যান মো. রেজাউল করিম চৌধুরী হাইকোর্টে একটি রিট আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট রেজাউল করিমকে চেয়ারম্যান পদ ফিরিয়ে দেয়ার নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে গত সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের (স্থানীয় সরকার শাখা, চট্টগ্রাম) উপপরিচালক (উপসচিব) গোলাম মাঈনউদ্দিন হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে রেজাউল করিমকে চেয়ারম্যান পদ ফিরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপের উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে এমপি কামাল পাশার মতবিনিময়
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ