বাহরাইনে নিহত প্রবাসীর মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন সাঈদ আল নোমান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত প্রবাসী আবুল মহসিনের একমাত্র মেয়ে তাসনিম তামান্নার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। গত মঙ্গলবার রাতে নগরের রামপুরা কেতুরা মসজিদ এলাকায় নিহত প্রবাসীর বাসভবনে গিয়ে পরিবারের খোঁজ নেন তিনি। এসময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাসনিম তামান্নার পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। এ সময় প্রবাসী আবুল মহসিনের একমাত্র মেয়ে তাসনিম তামান্নার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে কথা বলার সুযোগ করে দেন সংসদ সদস্য সাঈদ আল নোমান।

সাঈদ আল নোমান বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে কথা বলে দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। যথাযথ মর্যাদায় মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়নকে এগিয়ে নিচ্ছে। তাই তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান ও যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজাসহ দলীয় নেতারা। গত ২ মার্চ ভোর সাড়ে তিনটার দিকে বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কর্মরত অবস্থায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হলে তার ধ্বংসাবশেষ মহসিনের মাথায় এসে পড়ে। সোমবার সকালে আবুল মহসিনের মৃত্যুর বিষয়টি জানতে পারেন তার স্বজনেরা।

জানা গেছে, নিহত আবুল মহসিনের বাড়ি সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নে। ২০০৯ সালে বাহরাইনে যান তিনি। বাহরাইনের রাজধানী মানামার আরসি ড্রাইডক নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

চট্টগ্রাম নগরের হালিশহরে মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকেন আবুল মহসিনের স্ত্রী ও তার একমাত্র মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, ঈদের কয়েক দিন আগে আবুল মহসিনের দেশে আসার কথা ছিল। ঈদুল ফিতর ও ঈদুল আজহা করে আবার বাহরাইনে ফিরে যাওয়ার কথা ছিল।

পূর্ববর্তী নিবন্ধ৩ কোটি ৩০ লাখ টাকার পৌরকর হয়ে গেল ১৮ লাখ
পরবর্তী নিবন্ধখামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত