নগরীর বায়েজিদে বাস চালক আবদুর রহিমকে মারধর করে হত্যায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত দুইটার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- বায়েজিদ বোস্তামী থানাধীন বাশি কলোনীর মৃত মো. শাহজাহানের ছেলে আনোয়ার হোসেন (২৮), নোয়াখালীর বসুরহাট এলাকার আলাউদ্দিনের ছেলে মো. মোর্শেদ (১৯) ও খাগড়াছড়ি সদর থানার ভাই-বোন পাড়ার মো. বাবু মিয়ার ছেলে মো. রবিউল (২৩)।
পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর হাটহাজারী থেকে শহরে আসার পথে ধৃত আসামিদের মাইক্রোবাসকে ওভার টেকিং করে একটি বাস। বাসটি পরে মাইক্রোর গতিরোধ করে যাত্রী উঠা-নামা করে আসছিল। এতে মাইক্রোবাসের আরোহীরা ক্ষিপ্ত হয়ে আমিন জুট মিল এলাকায় বাসটি আটকিয়ে বাসের চালককে মারধর করে। এতে বাসচালক আবদুর রহিম আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে হাটহাজারী ও অঙিজেন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। পরে এ ঘটনার মামলায় তিনজনকে গ্রেপ্তার করে বায়েজিদ থানা পুলিশ।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, বাস চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে হাটহাজারী থানার চৌধুরী হাট থেকে মুরাদপুর পর্যন্ত ৭০টি সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হয়। এসব ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। রোববার দিবাগত রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।










