বাসে বিশেষ কায়দায় রাখা ছিল ৮ কোটি ৩৫ লাখ টাকার হেরোইন-ইয়াবা

পটিয়া ক্রসিংয়ে তল্লাশি চালিয়ে জব্দ গ্রেপ্তার চালক হেলপার ও সুপারভাইজার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী থানার পটিয়া ক্রসিং এলাকায় কক্সবাজার থেকে আসা ‘হানিফ পরিবহন’র একটি বাসে তল্লাশি চালিয়ে ৮ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৮ কেজি হেরোইন ও ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় বাসটি জব্দ করার পাশাপাশি বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

ধৃতরা হচ্ছেনমো. আলী হোসাইন (৪২), মো. আজিম (৪০) ও মুহাম্মদ রাসেল (৪৯)। পুলিশ জানিয়েছে, তিনজনই পেশাদার মাদক ব্যবসায়ী। এর মধ্যে আলী হোসাইনএর বিরুদ্ধে ডিএমপি’র হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলার আসামি।

সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (্‌ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস কক্সবাজার থেকে ইয়াবা ও হেরোইন বহন করে চট্টগ্রামের দিকে আসছে, গোপনে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে ডিবি’র একটি দল পটিয়া ক্রসিয়ং এলাকায় অবস্থান নেয়। এসময় পেট্রোল পাম্পের সামনে বাসটি দেখতে পেয়ে থামার সংকেত দেয়া হয়। কিন্ত চালক না থামিয়ে শহরের দিকে দ্রুতগতিতে চালিয়ে পালনোর চেষ্টা করে।

পুলিশ জানায়, ধাওয়া দিয়ে চালক, হেলপার ও সুপারভাইজারসহ বাসটি আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে বাসের পেছনের অংশে বডির নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় থাকা হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে ৮টি প্যাকেটের প্রতিটিতে এক কেজি করে ৮ কেজি হেরোইন ছিল। এছাড়া ৭০টি নীল রঙের জিপার থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে হেরোইনের মূল্য ৮ কোটি টাকা এবং ইয়াবার মূল্য ৩৫ লাখ টাকা।

অতিরিক্ত পুলিশ কমিশনার (্‌ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, আটক মাদক ব্যবসায়ীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন জব্দকৃত হেরোইন ও ইয়াবা কক্সবাজারে অজ্ঞাতনামা দুইতিনজন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছে। যা চট্টগ্রাম হয়ে ঢাকায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির নিকট বিক্রির জন্য জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

পূর্ববর্তী নিবন্ধইরানের সভ্যতা ধ্বংস করার হুমকি ট্রাম্পের
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ওয়াসার গোপন নথি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগ