নগরের জলিলগঞ্জ কর্ণফুলী রিভার ভিউ আবাসিক এলাকার একটি বাসার গ্রিল কেটে স্বর্ণ চুরির ঘটনায় জড়িত মো. বাবলু (৩০) নামে এক চোরকে পটিয়া জিরি ফকিরা মসজিদ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তার কাছ থেকে চুরিকৃত ৬ ভরি ৬ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। বাবলু নোয়াখালী জেলার সোনাগাজী থানার মৃত নাদু মিয়ার ছেলে। পটিয়ার কুসুমপুরা ফকিরা মসজিদ বাজার এলাকার খায়েরের বাড়িতে ভাড়ায় থাকেন। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ৮ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে পরদিন সন্ধ্যা পৌনে ৭টার মধ্যে যেকোনো একসময় জলিলগঞ্জ কর্ণফুলী রিভার ভিউ আবাসিক এলাকার খোকন বাবুর বিল্ডিংয়ের ৭ম তলায় চুরির ঘটনা ঘটে। চোরের দল বাসার রান্নাঘরের গ্রিল কেটে প্রবেশ করে ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৩৭ হাজার টাকা ও দেড় লাখ টাকার শাড়ি ও বিভিন্ন কাপড় চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি কোতোয়ালী থানায় এজাহার দায়ের করা হয়।
পুলিশ জানায়, গুপ্তচরের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বাবলুকে গ্রেপ্তার করা হয়। মো. শাহীন (২৬) নামে অপর একজনকে সাথে নিয়ে সে চুরি করে। শাহীন সদরঘাট থানার আরেকটি চুরির মামলায় বর্তমানে কারাগারে আছে। বাবলুর বিরুদ্ধে নগরের বিভিন্ন ৫টি চুরির মামলা আছে।












