কর্ণফুলী নদীতে একটি বাল্কহেডের পাম্প মোটর বিস্ফোরণে দগ্ধ শ্রমিক মো. ইসমাইল (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। নিহত ইসমাইল আনোয়ারা উপজেলার বাসিন্দা এবং স্থানীয় দুদু মিয়া মেম্বারের পুত্র।
নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে কর্ণফুলী নদীর আনু মাঝির ঘাট এলাকায় অবস্থানরত ‘এমভি আটি–১’ নামে একটি বাল্কহেডে পাম্প মোটর বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পর বাল্কহেডটিতে আগুন ধরে যায়। এতে সেখানে কর্মরত শ্রমিক ইসমাইল ও ইসফাক গুরুতর দগ্ধ হন। দুর্ঘটনার পর পরই তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দু’জনকেই দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ইসমাইল। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত রোববার রাতে পাম্প মোটর থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এতে দুই শ্রমিক দগ্ধ হন, যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।












