কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনাকে উড়িয়ে দিয়েছে ৪–০ গোলে। আক্রমণভাগে ঝড় তুলে ডিয়েগো সিমিওনের দল কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় প্রথম ৪৫ মিনিটেই। ম্যাচের শুরুতেই সব আয়োজন সম্পন্ন করে অ্যাতলেতিকো। এরিক গার্সিয়ার ব্যাকপাস গোলরক্ষক হোয়ান গার্সিয়ার পায়ের নিচ দিয়ে গড়িয়ে যায় নিজেদের–ই জালে। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা আঁতোয়ান গ্রিজমান। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় স্বাগতিকরা। ৩৩ মিনিটে তৃতীয় গোলটি তুলে নেয় অ্যাতলেতিকো। নতুন ক্লাবের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেন লুকম্যান। প্রথমার্ধের যোগ করা সময়ে দূরপাল্লার জোরালো শটে ১১ ম্যাচের গোলখরা কাটান আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। তাতে প্রথম ৪৫ মিনিটেই ৪–০ ব্যবধানে এগিয়ে যায় অ্যাতলেতিকো।












