অ্যাডিলেডে করোমণ্ডল ক্রিকেট ক্লাবের হয়ে ড্যারেন চিক এবং তার ছেলে স্যাম চিক রূপ কথাকে যেন হার মানালেন। অপেশাদার ক্রিকেটের এই ম্যাচে বাবা–ছেলে মিলে ব্যাটিং করলেন পুরো ৪০ ওভার। আর ওপেনিং জুটিতেই দুজন মিলে তোলেন ৫৯০ রান। এদিন ব্যাট হাতে নিজের ব্যাটিং সামর্থ্য দেখান স্যাম চিক। মাত্র ১৩৭ বলে তিনি খেলেন ৪০২ রানের অপ্রতিরোধ্য ইনিংস। তার এই মহাকাব্যিক ইনিংসে ছিল ৪২টি ছক্কা এবং ৩০টি চার। সবচেয়ে মজার ব্যাপার হলো, ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে তার ক্যাচ মিস করেছিলেন প্রতিপক্ষে এক ফিল্ডার। এর পর থেকে বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান তিনি। ছেলের তাণ্ডবের দিনে ৬৩ বছর বয়সী বাবা ড্যারেন চিকও পিছিয়ে ছিলেন না। তিনি ১০৮ বলে করেন অপরাজিত ১৭৫ রান। স্ট্রাইক রোটেট করে স্যামকে বড় শট খেলার সুযোগ করে দেওয়া ছিল তার প্রধান লক্ষ্য। ড্যারেন বলেন, ‘স্যাম যখন মারা শুরু করল, তখন মাঠের সীমানা ছোট না বড় সেটা আর বিষয় ছিল না, ওর বেশিরভাগ ছক্কাই ছিল বিশাল।’ বিপক্ষ দল এত রান হজম করেও অসাধারণ খেলোয়াড়সুলভ মনোভাব দেখিয়েছে। ম্যাচ শেষে তারা ড্যারেন ও স্যামকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ‘গার্ড অফ অনার’ প্রদান করে। ৩০ বছর আগে ১৯৯৬ সালে এই একই প্রতিপক্ষ মরফেটভিল পার্কের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ড্যারেন, তখন ছোট্ট স্যাম সাইডলাইন থেকে বাবার চার–ছক্কায় হাততালি দিতেন। আজ সেই ছেলের সাথেই রেকর্ড গড়লেন তিনি।











