ফটিকছড়িতে রিনা আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লোবা গাজীর বাড়ি এলাকায় শ্বশুরবাড়ির রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিনা আক্তার ওই এলাকার প্রবাসী মোহাম্মদ ইকবাল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগের রাতে রিনা আক্তার তার বাবাকে ইমোতে একটি ভয়েস মেসেজ পাঠান। সেখানে তিনি তার ১৬ মাস বয়সী মেয়েকে দেখভাল করার কথা বলেন। পুলিশের প্রাথমিক ধারণা, দাম্পত্য কলহ বা মনোমালিন্যের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।
তবে নিহতের বাবা সিএনজিচালক মোহাম্মদ আইয়ুব অভিযোগ করেছেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূ রিনা আক্তার রান্নাঘরে গলায় ফাঁস দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা ঝুলন্ত মরদেহ নিচে নামিয়ে ফেলেন।
ওসি আরও জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে গলায় কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।











