বাবনা করিম সিনেমার গানে

| শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:০২ অপরাহ্ণ

একটি সিনেমার আবহ সংগীতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী বাবনা করিম। গানটির কথা, সুর ও সংগীত পরিচালনাও করেছেন ওয়ারফেজ ব্যান্ডের এই অন্যতম সদস্য। সিনেমার নাম ‘রবি ইন ঢাকা’। খবর বিডিনিউজের।

সিনেমাটি পরিচালনা করেছেন রাজীব সালেহীন। গ্লিটজকে তিনি জানিয়েছেন, গানটির রেকর্ডিং এখনো হয়নি, তবে শিগগিরই কাজটি করা হবে। গানটি নিয়ে রাজীব গ্লিটজকে বলেন, ‘রবি ইন ঢাকা’ সিনেমার দৃশ্যধারণ শেষ, সম্পাদনার কাজ চলছে। গানটির আবহ সংগীতে যুক্ত হয়েছেন বাবনা করিম।

আমরা উনাকে সিনেমার চিত্রনাট্য ও গল্পটা শেয়ার করি। সেটা পছন্দ করেই তিনি গানের কথা লিখেছেন। ব্যক্তিগতভাবে আমি ছোটবেলা থেকেই ওয়ারফেজ ব্যান্ডের বড় ভক্ত, তাই বাবনা করিমের সঙ্গে এই সিনেমায় কাজ করা আমার জন্য আনন্দের একটি বিষয়। নাজমুল শেখের গল্প ও চিত্রনাট্যে ‘রবি ইন ঢাকা’ সিনেমায় অভিনয় করেছেন রিচি সোলায়মান, ইমতিয়াজ বর্ষণ, তানজিকা আমিন, আজাদ আবুল কালামসহ অনেকে।

এটি অভিনেত্রী রিচির প্রথম সিনেমা। সিনেমার গানে বাবনা করিমের যুক্ত হওয়ায় উচ্ছ্বসিত তানজিকা আমিন। ফেসবুক এক পোস্টে তিনি লিখেছেন, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের আসন্ন সিনেমা ‘রবি ইন ঢাকার’ সঙ্গে যুক্ত হয়েছেন ওয়ারফেজের ‘অবাক ভালোবাসা‘, ‘যখন’, ‘মা’ এর মত বিখ্যাত গানের স্রষ্টা এবং বাংলা রকের আমাদের শৈশব কৈশোরের অন্যতম হিরো বাবনা করিম ভাই। বাবনা ভাই এর কাছে আমরা কৃতজ্ঞ।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে টায়ার ওয়ানে ফিরল চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধসাদিয়া আয়মানের বিড়ালও পেয়েছে একটি চরিত্র