বাফুফে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে চট্টগ্রামের শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক ও বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৬:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বাফুফে অনূর্ধ্ব১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে কর্ণফুলী জোনের খেলায় শুভসূচনা করেছে চট্টগ্রাম জেলা দল। বান্দরবান জেলা স্টেডিয়ামে উদ্বোধনী দিনের খেলায় চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব১৭ দল ৩০ গোলে খাগড়াছড়ি জেলা অনূর্ধ্ব১৭ দলকে পরাজিত করে। এটি ছিল দিনের দ্বিতীয় ম্যাচ। চট্টগ্রাম দল খেলার শুরু থেকেই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। দলের পক্ষে গোল করেন নুরুজ্জামান সায়েম, আবদুল করিম ইলিয়াস ও সাবিদ খান নিরব।

খেলার প্রথমার্ধে চট্টগ্রাম এক গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আরো আরো দুই গোলে এগিয়ে যায়। খেলার প্রথমার্ধে ২৮ মিনিটে নুরুজ্জামান সায়েমের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম। সায়েম দুর্দান্ত এক প্লেসিং শটে গোল করে চট্টগ্রামকে এগিয়ে রাখে ()। এক গোলের লিড নিয়ে এগিয়ে থেকে চট্টগ্রাম বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে চট্টগ্রাম আরো আক্রমণাত্নক ভূমিকা রাখে। এ অর্ধের ৩০ মিনিটে তারা আদায় করে নেয় দ্বিতীয় গোল। চমৎকার এক শটে এবার গোল করে অধিনায়ক সাবিদ খান নিরব ()। এ গোল হতে না হতেই আবারো গোল পায় চট্টগ্রাম জেলা দল। ৩৫ মিনিটে আবদুল করিম ইলিয়াস গোল করে দলের ব্যবধান তৈরি করে দেন ৩০ তে। বাকি সময় আর কোন গোল হয়নি। ফলে এ স্কোর লাইনে জয় নিয়ে মাঠ ত্যাগ করে চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব১৭ দল। এর আগে দিনের প্রথম ম্যাচে রাঙ্গামাটি জেলা দলকে ২০ গোলে পরাজিত করে স্বাগতিক বান্দরবান জেলা দল।

খেলা শেষে ম্যাচের সেরা খেলোয়াড় চট্টগ্রামের অধিনায়ক সাবিদ খান নিরবের হাতে পুরস্কার তুলে দেন সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ ও বিএফএ কর্মকর্তারা। একই ভেন্যুতে সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে স্বাগতিক বান্দরবান জেলা ২০ গোলে রাঙ্গামাটি জেলাকে পরাজিত করে।

এর আগে দুপুরে বান্দরবান জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সার্বিক আয়োজনে, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, বান্দরবান ও প্রধান উপদেষ্টা, বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশন শামীম আরা রিনি। বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক জাবেদ রেজার সভাপতিত্বে ও মাহাফুজুর রশিদ বাচ্চুর উপস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জয়া দত্ত, সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ রেজাউল করিম, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশীদ কাজল, বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশন (বিএফএ) সম্পাদক রফিকুল আলম, সদস্য নাসির উদ্দিন ও জসিম উদ্দিন তুষার, ক্রীড়াবিদ মফিজুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিডিএফএ নির্বাহী সদস্য আবু সৈয়দ মাহামুদ, কাজী মোহাম্মদ জসিম উদ্দিন, মো. সরওয়ার আলম চৌধুরী মনি ও দলীয় ম্যানেজার ও সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত চৌধুরী পাবলু। চট্টগ্রাম তাদের পরবর্তী খেলায় অংশ নেবে রাঙ্গামাটির সাথে। আগামী ৭ মার্চ বেলা ১.৪৫টায় বান্দরবান স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা পদক পাচ্ছেন টেবিল টেনিস তারকা লিনু
পরবর্তী নিবন্ধফেভারিট উত্তর কোরিয়ার বিপক্ষে সাহসী ফুটবল খেলবে বাংলাদেশ