বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবীর ইন্তেকাল

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ১৬ এপ্রিল, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। গতকাল শনিবার সকালে ছয়টার সময় চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৯ বছর। দলীয়সূত্র ও স্বজনরা জানায়, গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ইসলাম বেবীকে দ্রুত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘসময় লাইফ সাপোর্টে রাখার সময় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল শনিবার বিকাল ৫টায় বান্দরবান ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে বান্দরবান গোরস্থান মসজিদস্থ কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

এদিকে বর্ষীয়ান এ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বান্দরবান সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি এবং বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান, সহসভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক ওসমান গনি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা মাঝি নিহত
পরবর্তী নিবন্ধসাংবাদিক মোহাম্মদ মোসলেম খানের ৭ম মৃত্যুবার্ষিকী আজ