বান্দরবানের আলীকদমে রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বৃদ্ধা রহিমা বেগম আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের পুরাতন শিবাতলী এলাকার বাসিন্দার আবু তালের স্ত্রী। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুই পুত্রবধূসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবার সূত্র মতে, রহিমা বেগম দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। অসুস্থ বয়স্ক নারীকে নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে শনিবার রাতেই।
স্থানীয় সাবেক ইউপি সদস্য অলিউর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানিয়েছেন। তাৎক্ষণিক পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিহতের ছেলে নুরুল আমিন বলেন, আমার মা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। এ বয়সে তাকে নির্মমভাবে হত্যা মেনে নিতে পারছি না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে স্বামী ও সতীনকে ফাঁসানোর উদ্দেশ্যে মেজ ছেলের প্রথম স্ত্রী দা দিয়ে শাশুড়ি রহিমা বেগমকে গলা কেটে হত্যা করেছে। সন্দেহভাজন দুই পুত্রবধূসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।











