বান্দরবানে ৫টি ইটভাটার ৮ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ২ মার্চ, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

বান্দরবানে ৫টি অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলায় বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন এ আদেশ দেন। গত বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন আদালতের পেশকার মাহবুব কাদের।

আদালত ও পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অপরাধে ৮টি ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। তারমধ্যে পরিবেশ অধিদপ্তরের দায়ের করা ৫টি মামলায় আটজন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পরিবেশ আদালত। পরোয়ানা জারিকৃত ভাটা মালিকরা হলেন থানচি উপজেলার এমএসবি ভাটা মালিক আনিসুর রহমান সুজন, আলীকদমের এবিএম ইটভাটার মালিক সামছুদ্দিন ও এখলাচুর রহমান, ইউবিএম ইটভাটা মালিক জামাল উদ্দিন, এফবিএম ইটভাটা মালিক শওকত তালুকদার, নাইক্ষ্যংছড়ি উপজেলার বিবিএম ইটভাটা মালিক মোহাম্মদ আবু ছৈয়দ, আবুল বশর ও ফরিদ আহমদ। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে অবৈধ ইটভাটা থেকে ৮০ লাখ টাকা জরিমানা আদায় এবং ৮টি ভাটার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীর আকাশ দাশ হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে জিপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১