বান্দরবানে সেনা জিপ খাদে নিহত ১

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:২৫ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচি-আলীকদম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর জিপ খাদে পড়ে ১ সৈনিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন সেনা সদস্য। গতকাল মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান জেলার থানচি-আলীকদম অভ্যন্তরীণ সড়কের ২৮ কিলোমিটার এলাকায় থানচি যাওয়ার পথে সেনাবাহিনীর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এক সৈনিকের মৃত্যু হয়। নিহতের নাম শিমুল। এতে আহত হয়েছেন ৩ সৈনিক। আহতরা হলেন গাড়ির চালক কর্পোরাল প্রবীর, সৈনিক ফরহাদ ও ইব্রাহীম।
খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আহতদের সেনাবাহিনীর সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. মহিউদ্দিন বলেন, দুর্ঘটনায় ১ জন সৈনিক মারা গেছেন। ৩ জন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আহতদের থানচি হাসপাতাল থেকে সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএনজি অটোরিকশাসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরেল কর্মকর্তার অবৈধ স্থাপনাসহ ১৬৮ ঘর ও দোকান উচ্ছেদ