বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, সন্ত্রাসী নিহত

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৪:৫২ পূর্বাহ্ণ

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এসময় এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত ব্যক্তি পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সদস্য বলে জানা গেছে। নিহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। গতকাল সোমবার বিকেল পৌনে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলার মুরুংগো বাজার এলাকাস্থ সাইরন ম্রো পাড়ায় নিরাপত্তা বাহিনীর একটি টহল দল পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ের চূড়া থেকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায়। দু’পক্ষের মধ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের এক সদস্যের মৃত্যু হয়। আইনশৃঙ্খলা বাহিনী লাশটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করে।

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা জানান, তারাছা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড সাইরন পাড়ায় বিকেলে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সন্ত্রাসীদের সাথে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি চলে। তবে এলাকাটি দুর্গম ও নেটওয়ার্কবিহীন হওয়ার কারণে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, নিরাপত্তা বাহিনীর টহল দলের সাথে মুখোমুখি হলে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি বর্ষণ করার পর সন্ত্রাসীরা ফাঁকাগুলি গুলি বর্ষণ করে জঙ্গলে পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। ঘটনাস্থল থেকে এক জনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাকরি গেল ৯ সচিবের
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দুই ব্যবসায়ীকে ৫৭ হাজার টাকা জরিমানা