বান্দরবানে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বান্দরবানে আগুনে দগ্ধ হয়ে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম হ্লানুচিং মারমা (৪৬)। রোববার দুপুরে বান্দরবান পৌর এলাকার বালাঘাটা ফথোয়াই অং কারবারি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হ্লানুচিং মারমা স্থানীয় বাসিন্দা মেদোক মারমার কন্যা।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, নিহত হ্লানুচিং মারমাদের বাড়ি পাড়া থেকে একটু দূরে হওয়ায় ওই দিকে তেমন কারো যাওয়া আসা নেই। গতকাল দুপুরে হঠাৎ তাদের বাড়িটিতে আগুন দেখতে পেয়ে প্রতিবেশিরা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়।

পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হ্লানুচিং মারমার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের দাবি, হ্লানুচিং মারমা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বাড়িতে মাবাবার অনুপস্থিতিতে নিজেই ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পোড়া বাড়িতে তল্লাশি করে বাথরুম থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআমীরে খসরু দেহলভী (রা.) ছিলেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সুফি
পরবর্তী নিবন্ধকোনো জাতিকে ক্ষুদ্র বলে অবহেলার সুযোগ নেই